ব্যুরো নিউজ, ২৯ জুলাই ২০২৬ : উত্তর কলকাতার ব্যস্ততম যতীন্দ্রমোহন এভিনিউতে, জয়পুরিয়া কলেজের ঠিক পাশেই ফুটপাতের উপর গজিয়ে উঠেছে এক উন্মুক্ত নেশার ঠেক। শোভাবাজার মেট্রো স্টেশন সংলগ্ন ৫১বি, যতীন্দ্রমোহন এভিনিউতে ত্রিপল ও কালো প্লাস্টিক দিয়ে আড়াল তৈরি করে অবাধে বিক্রি হচ্ছে মদ, গাঁজা, চরস সহ বিভিন্ন নেশার দ্রব্য। এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযোগ উঠেছে, ফুটপাত দখল করে এই নেশার ডেরা তৈরি করেছে বাংলাদেশ থেকে আসা কিছু রোহিঙ্গা। স্থানীয়রা প্রতিবাদ করলে তাদের খুন করার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই চক্রের দাপটে এলাকার শান্তি বিঘ্নিত হচ্ছে। ওই এলাকায় শুধু জয়পুরিয়া কলেজই নয়, কাছেই রয়েছে শ্যামবাজার এভি স্কুল এবং অরবিন্দ স্মরণীতে কলকাতা বিদ্যাভবন নামে আরও একটি স্কুল। ফলে অসংখ্য ছাত্রছাত্রীর ভবিষ্যৎ ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে অভিভাবক মহলে।
স্থানীয় শ্যাম্পুকুর থানাকে লিখিতভাবে অভিযোগ জানানো হলেও, তারা বিষয়টি কলকাতা পৌরসভার এক্তিয়ারভুক্ত বলে দায় এড়িয়ে যাচ্ছে। এই প্রশাসনিক উদাসীনতার কারণে পথচারীরা ফুটপাত ব্যবহার করতে না পারায় যতীন্দ্রমোহন এভিনিউতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এলাকার মানুষজন এক অজানা আতঙ্কে দিন কাটাচ্ছেন, যা তাদের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলেছে। দ্রুত এই সমস্যার সমাধান চেয়ে ইতিমধ্যে বিষয়টি রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করেছেন ওই এলাকার বাসিন্দারা।








