ব্যুরো নিউজ, ২৯ আগস্ট ২০২৬: উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই নির্মাণ শ্রমিক। শনিবার বিকেলে গঙ্গানগর এলাকায় একটি বহুতল আবাসনের বাইরের অংশে রং করার সময় ক্যাটেলের তার ছিঁড়ে নিচে পড়ে যান ওই শ্রমিকেরা। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। মৃতদের নাম মলয় চন্দ হাওলাদার (৪৮) ও মিন্টু মণ্ডল (৪২)। দু’জনেরই বাড়ি অশোকনগর থানা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধ্যমগ্রামের গঙ্গানগর এলাকায় একটি বহুতল আবাসনের বাইরের অংশে রং করার কাজ চলছিল। ঝুলন্ত ক্যাটেলে বসে কাজ করছিলেন শ্রমিকেরা। আচমকাই ক্যাটেলটির দড়ি ছিঁড়ে যাওয়ায় তাঁরা সটান নীচে পড়ে যান। গুরুতর জখম অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দু’জনকেই মৃত ঘোষণা করেন। আহত অন্য শ্রমিককে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই দুর্ঘটনার পর থেকেই নির্মাণকাজে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বহুতল নির্মাণের বৈধতা এবং কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, তা নিয়েও তদন্তের দাবি উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এর আগেও মধ্যমগ্রামে একই ধরনের দুর্ঘটনায় এক নির্মাণকর্মীর মৃত্যু হয়েছিল। প্রশিক্ষণ ছাড়াই শ্রমিকদের দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্তে নেমেছে এয়ারপোর্ট থানার পুলিশ।








