রাজ্যের ১২ জেলার মাদ্রাসায় শুরু ইন্সপেকশন: গুচ্ছ গুচ্ছ অভিযোগের তদন্তে সংখ্যালঘু দফতর

রাজ্যের ১২ জেলার মাদ্রাসায় গুচ্ছ গুচ্ছ অভিযোগের ভিত্তিতে শুরু হল ইন্সপেকশন। সংখ্যালঘু দফতরের ১৮ সদস্যের কমিটি ১৫ জুলাই থেকে কাজ শুরু করেছে, রিপোর্ট ২১ জুলাইয়ের মধ্যে জমা পড়বে।

Share:

ব্যুরো নিউজ, ১২ জুলাই ২০২৬ঃ রাজ্যের ১২টি জেলার মাদ্রাসায় শুরু হয়েছে ব্যাপক ইন্সপেকশন। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের নির্দেশে ১৮ সদস্যের একটি বিশেষ কমিটি এই কাজ শুরু করেছে। দীর্ঘদিন ধরে মাদ্রাসার কার্যকারিতা ও আর্থিক অনুদান নিয়ে গুচ্ছ গুচ্ছ অভিযোগ জমা পড়ছিল। সূত্রের খবর, বিশেষ করে সরকারি অনুদানহীন মাদ্রাসাগুলিতে কী ধরনের শিক্ষা দেওয়া হচ্ছে, পাঠ্যক্রমের মান এবং তাদের যাবতীয় নথি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে।

১৫ জুলাই থেকে এই ইন্সপেকশন শুরু হয়েছে এবং ২১ জুলাইয়ের মধ্যে সংখ্যালঘু দফতরে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই রিপোর্টের ভিত্তিতে রাজ্য সরকার পরবর্তী পদক্ষেপ নেবে। যে ১২টি জেলায় ইন্সপেকশন চালানো হচ্ছে, তার মধ্যে রয়েছে কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, নদিয়া, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা। রাজ্যে পালাবদলের পর থেকেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকার নড়েচড়ে বসেছে। তথ্য সংগ্রহের জন্য এর আগে ব্লক ও পুরসভা ভিত্তিক সমীক্ষার নির্দেশও দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে।

বিজেপি নেতা তথা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলেন, “মাদ্রাসা নিয়ে সরকার ভাবনা চিন্তা করছে। অনেক অভিযোগ ছিল। অনেক মাদ্রাসায় বেআইনি কার্যকলাপ হতো। সেগুলো ঠিক করে তারপরে সরকার সঠিক সিদ্ধান্ত নেবে।” এই ইন্সপেকশনের ফলে মাদ্রাসার কার্যকলাপে স্বচ্ছতা আসবে এবং অভিযোগগুলির সত্যতা যাচাই করা যাবে বলে মনে করা হচ্ছে। প্রশাসনিক মহলে এই নিয়ে চাপানউতোর চলছে।