ব্যুরো নিউজ, ৪ জুন ২০২৬ : পুলিশের উপর ভরসা হারিয়ে এবার নিজেরাই আইন হাতে তুলে নিলেন মালদার ইংরেজবাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের নুনবহি এলাকার মহিলারা। দীর্ঘদিন ধরে এলাকায় রমরমিয়ে চলা বেআইনি মদের ঠেক বন্ধ করতে বৃহস্পতিবার দুপুরে লাঠি হাতে এক নজিরবিহীন ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালান তাঁরা। ক্ষিপ্ত মহিলাদের অতর্কিত অভিযানে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।
স্থানীয় সূত্রে খবর, নুনবহি এলাকায় দীর্ঘদিন ধরে অবাধে বেআইনি মদের আসর বসছিল। এর ফলে এলাকায় অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছিল এবং যুবসমাজ নেশার কবলে পড়ছিল। বারবার ইংরেজবাজার থানায় অভিযোগ জানিয়েও কোনো স্থায়ী সুরাহা না মেলায় ক্ষোভ জমছিল স্থানীয়দের মধ্যে। অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙলে মিনতি মণ্ডল ও মায়া মণ্ডলের মতো স্থানীয় মহিলাদের নেতৃত্বে একদল মহিলা মদের ঠেকে ঢুকে বোতল ও গ্লাস ভাঙচুর করেন এবং মদ কারবারিদের এলাকা ছাড়তে বাধ্য করেন। মহিলাদের অভিযোগ, দিনমজুর পুরুষেরা সারাদিনের রোজগার মদের ঠেকে উড়িয়ে দেওয়ায় পরিবারে আর্থিক সংকট দেখা দিচ্ছিল। সন্তানদের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। শুধু মদই নয়, গোপনে গাঁজাও বিক্রি হচ্ছিল এই ঠেকগুলি থেকে।
ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ উত্তেজিত মহিলাদের বেআইনি মদের ঠেক পুরোপুরি উপড়ে ফেলা এবং চিহ্নিত কারবারিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে। এই ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে।








