ব্যুরো নিউজ, ২৬ অক্টোবর ২০২৬: ভারত-বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা ছড়াল কোচবিহারের মেখলিগঞ্জে। মাঝরাতে সানিয়াজান নদী থেকে অবৈধভাবে বালি চুরি করতে এসে সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) বাধার মুখে পড়ল একদল বাংলাদেশি দুষ্কৃতী। বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে পাথর ছুড়লে পরিস্থিতি ধুন্ধুমার আকার নেয়। যদিও বিএসএফের পালটা প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয় দুষ্কৃতীর দল। স্থানীয় ও বিএসএফ সূত্রে খবর, মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধা লাগোয়া সানিয়াজান নদীর ওপারেই বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত।
শনিবার রাতে এই সুযোগে একদল বাংলাদেশি নদী থেকে বালি তোলার চেষ্টা করছিল। কর্তব্যরত বিএসএফ জওয়ানরা বিষয়টি দেখতে পেয়েই তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে দুষ্কৃতীরা জওয়ানদের দিকে এলোপাথাড়ি পাথর ছুড়তে শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিএসএফ সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলে। বাহিনীর মারমুখী রূপ দেখে শেষমেশ এলাকা ছেড়ে পালায় বাংলাদেশি দুষ্কৃতীরা। এই ঘটনা প্রসঙ্গে মেখলিগঞ্জের বিধায়ক দধিরাম রায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “এক ইঞ্চি জমিও ছাড় নয়। ভারতের মাটিতে কোনো বাংলাদেশি পা রাখলেই সোজা গুলি।”
বিধায়ক আরও জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য সরকার সীমান্ত সংলগ্ন অরক্ষিত এলাকাগুলিতে দ্রুত কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ করার পদক্ষেপ নিয়েছে। বিএসএফকে সীমান্ত সুরক্ষায় পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। আপাতত সেনাবাহিনীর কড়া নজরদারিতে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।








