ব্যুরো নিউজ, ২ আগষ্ট ২০২৬: দীর্ঘ ছয় বছর বন্ধ থাকার পর অবশেষে খুলে দেওয়া হলো পূর্ব সিকিমের নাথুলা পাস। কোভিডের কারণে ২০২০ সালে বন্ধ হয়ে গিয়েছিল এই ঐতিহাসিক বাণিজ্য পথটি। শনিবার আনুষ্ঠানিকভাবে নাথুলা পাস পুনরায় চালু হওয়ার মধ্য দিয়ে ভারত ও চিনের মধ্যে সীমান্ত বাণিজ্য ফের শুরু হলো। এই উদ্বোধনী অনুষ্ঠানে ভারত ও চিনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যা দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতির এক নতুন দিগন্ত উন্মোচন করল।
বিশেষজ্ঞ মহল মনে করছে, এই পদক্ষেপ ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় অবদান রাখতে চলেছে। জানা গেছে, ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধের পর এই পাসটি বন্ধ করে দেওয়া হয়েছিল, যা দীর্ঘ চার দশকেরও বেশি সময় পর ২০০৬ সালে পুনরায় খোলা হয়। এরপর ২০২০ সালে বিশ্বব্যাপী অতিমারীর কারণে এটি ফের বন্ধ হয়ে যায়। এবার দীর্ঘ প্রতীক্ষার পর ১৪ হাজার ফুটেরও বেশি উচ্চতার এই গুরুত্বপূর্ণ বাণিজ্য পথটি আবার সচল হলো। সিকিমের শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কর্মা ডোমা ইউতসো জানিয়েছেন, এই বছর অর্থাৎ ২০২৬ সালের ৩০ নভেম্বর পর্যন্ত এই পথ দিয়ে দু’দেশের মধ্যে বাণিজ্য চলবে। প্রতিদিন প্রায় ৬০টি পণ্যবাহী গাড়ি এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করবে।
সিকিমের শিল্প ও বাণিজ্যমন্ত্রী টিটি ভুটিয়া খুব পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, এই বাণিজ্য পথটি খুলে যাওয়ায় প্রায় ৫০০ ব্যবসায়ী সবদিক থেকে উপকৃত হবেন। এর ফলে সীমান্ত অর্থনীতি শক্তিশালী হওয়ার পাশাপাশি স্থানীয় কর্মসংস্থান এবং ব্যবসা-বাণিজ্য অনেকটাই চাঙ্গা হবে। গত বছরের আগস্ট মাসে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর মধ্যে প্রতিনিধি পর্যায়ের একটি বৈঠকে এই বাণিজ্য পথ পুনরায় খোলার বিষয়ে আলোচনা হয়েছিল। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি চিনে গিয়ে ড্রাগনের দেশের উপমন্ত্রী সান হাইয়ানের সাথে বৈঠক করে এই বিষয়টি চূড়ান্ত করেন।








