১৫ মিনিটের বিলম্বেই নতুন জীবন! নেপালের হড়পা বান থেকে অলৌকিকভাবে বাঁচলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

নেপালের হড়পা বানে অলৌকিকভাবে বাঁচলেন বসিরহাটের শিক্ষক দম্পতি অনুকূল ও রেবা পোদ্দার। কাঠমান্ডুতে ভিসা ভেরিফিকেশনের ১৫ মিনিটের বিলম্বেই রক্ষা পেল প্রাণ।

Share:

ব্যুরো নিউজ, ২৯ অগাস্ট ২০২৬: নেপালের ভয়াবহ হড়পা বান থেকে অলৌকিকভাবে রক্ষা পেলেন বসিরহাটের এক শিক্ষক দম্পতি। কাঠমান্ডুতে ভিসা ভেরিফিকেশনের জন্য মাত্র ১৫ মিনিটের বিলম্বই নতুন জীবন দিল অনুকূল পোদ্দার ও রেবা পোদ্দারকে। এই সামান্য দেরির কারণেই তাঁরা সেই গাড়ি ধরতে পারেননি, যা পরে বানের জলে ভেসে যায়। বসিরহাট পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাছারিপাড়ার বাসিন্দা অনুকূল পোদ্দার ও তাঁর স্ত্রী রেবা পোদ্দার দু’জনেই প্রাক্তন স্কুল শিক্ষক। চলতি মাসেই তাঁরা নেপাল ভ্রমণে গিয়েছিলেন। গত বুধবার যখন নেপালে হড়পা বান সবকিছু ভাসিয়ে নিয়ে যায়, সেই সময় অনুকূলবাবু ও তাঁর স্ত্রী সেখানেই ছিলেন। দুর্যোগের পর দীর্ঘক্ষণ তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। ফলে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়। অবশেষে শুক্রবার তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। ফোনে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁরা জানান, ভয়াবহ বিপদের মুখে পড়লেও তাঁরা এখন সম্পূর্ণ নিরাপদে রয়েছেন। যদিও আতঙ্কের রেশ এখনও কাটেনি, তবে বড় বিপদ কেটে যাওয়ায় পরিবারে কিছুটা স্বস্তি ফিরেছে।

অনুকূল ও রেবা জানিয়েছেন, তাঁদের দলের অন্য সদস্যরাও সুরক্ষিত আছেন। শনিবার সকালে তাঁরা ট্রেনে করে দেশের পথে রওনা দেবেন এবং রবিবার বাড়ি ফিরবেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে রাজ্য সরকার তাঁদের বিমানে ফিরিয়ে আনারও তোড়জোড় করছে, তাই তাঁদের ফেরা নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। অনুকূল-রেবার কাছে কাঠমান্ডুর সেই ১৫ মিনিটের বিলম্ব হয়তো জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে থাকবে।