ব্যুরো নিউজ, ৯ জুলাই ২০২৬: ভারী বৃষ্টির জেরে ফের ভূমিধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ, অবরুদ্ধ হয়ে পড়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। উত্তরবঙ্গ ও সিকিমের প্রধান সংযোগকারী এই ‘লাইফ লাইন’ বন্ধ হয়ে যাওয়ায় শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিমের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর ফলে মাঝপথে আটকে পড়েছেন শতাধিক পর্যটক ও স্থানীয়রা।
বিগত কয়েকদিন আবহাওয়া শান্ত থাকলেও, নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ায় উত্তরবঙ্গে গত রাত থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোর রাত থেকে একটানা বৃষ্টির কারণে পাহাড়ের উপর থেকে হুড়মুড়িয়ে মাটি, কাদা ও বিশাল বোল্ডার গড়িয়ে রাস্তায় পড়েছে। সেভক কালী মন্দিরের কাছে পাহাড় থেকে বিশাল ধস নেমে আসায় ১০ নম্বর জাতীয় সড়কের উপর যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তীব্র যানজটে নাকাল দশা হয়েছে পথচারীদের, পাশাপাশি আটকে পড়েছে অসংখ্য পর্যটকের গাড়ি। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
আপাতত ছোট গাড়িগুলিকে দার্জিলিং জেলা পুলিশ গজলডোবা-করোনেশন সেতু-মংপং রুটে এবং ভারী গাড়িগুলিকে গরুবাথান-মুনসং রুটে ঘুরিয়ে দিচ্ছে। উল্লেখ্য, পাহাড়ের বিপর্যয় কেবল সেভক কালী মন্দিরের কাছেই সীমাবদ্ধ নেই। গতকাল রাতে সিকিমের মেল্লি-জোরথাং রোডও ভূমিধসের কারণে অবরুদ্ধ হয়েছে। কামদং থেকে সিংথাম যাওয়ার একমাত্র রাস্তাটিও প্রবল বৃষ্টিতে ধুয়ে আসা জলকাদায় সম্পূর্ণ তলিয়ে যাওয়ায় যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সব মিলিয়ে পাহাড়ের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।








