প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মণকে গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের, তদন্তকারী অফিসারের বিরুদ্ধেও পদক্ষেপের নির্দেশ

নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মণকে গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের। তদন্তে গাফিলতির জন্য তদন্তকারী অফিসারের বিরুদ্ধেও পদক্ষেপের নির্দেশ।

Share:

ব্যুরো নিউজ, ৩ জুন ২০২৬ঃ কলকাতা হাইকোর্ট রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মণকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিয়েছে। নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রশান্ত বর্মণকে হাজতে নিয়ে আগামী ১০ দিনের মধ্যে রাজ্য পুলিশকে একটি বিশদ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। একইসঙ্গে, এই মামলার তদন্তে গাফিলতির কারণে সংশ্লিষ্ট তদন্তকারী আধিকারিকের (IO) বিরুদ্ধেও কড়া বিভাগীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

গত বছরের ২৯ অক্টোবর নিউটাউন থানার যাত্রাগাছির খালপাড় থেকে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে, তাঁকে অপহরণ করে খুন করা হয়েছে। মৃতের পরিবার শুরু থেকেই প্রশান্ত বর্মণকে প্রধান অভিযুক্ত বলে দাবি করে আসছিল। এই অভিযোগের প্রেক্ষিতে তাঁকে বিডিও পদ থেকে সরানো হয়। যদিও প্রথমে বারাসত ও বিধাননগর আদালত থেকে আগাম জামিন পেয়েছিলেন প্রশান্ত, পরে পুলিশ হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। কিন্তু অভিযুক্ত এতদিন পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি।

সম্প্রতি কলকাতার সল্টলেক এলাকায় গাড়ি দুর্ঘটনার অভিযোগে প্রশান্ত বর্মণকে গ্রেফতার করা হয়েছিল। এবার স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল হাইকোর্ট। আদালত পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, এত দিন কেটে যাওয়ার পরও কেন মূল অভিযুক্ত অধরা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে, এই খুনের মামলায় আগেই গ্রেফতার হওয়া কোচবিহারের প্রভাবশালী তৃণমূল নেতা সজল সরকারের জামিনের আবেদন বুধবার খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, এই মুহূর্তে ধৃত তৃণমূল নেতাকে জামিন দেওয়া সম্ভব নয়।