ব্যুরো নিউজ, ২৩ জুলাই ২০২৬ : গত ১৬ জুলাই নিট পুনর্পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু পরীক্ষার্থীর অনুপ্রেরণামূলক কাহিনী সামনে আসছে। এরই মধ্যে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার সোনামুইয়ের মেয়ে রাজন্যা দিন্দা সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় সারা ভারতের মধ্যে ৯৪০তম স্থান অধিকার করে নিজের এলাকার মুখ উজ্জ্বল করেছেন।
শুধু নিট নয়, একাধিক সর্বভারতীয় পরীক্ষায় তার অসাধারণ ফল নজর কেড়েছে, যা তাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। রাজন্যার বাবা রুপম দিন্দা এনআইটি রাউরকেলার রসায়ন বিভাগের অধ্যাপক এবং মা রমা দিন্দা রসায়নে পিএইচডি ডিগ্রিধারী। বাবা-মায়ের পেশাগত কারণে ওড়িশায় থাকার সুবাদে সেখান থেকেই দশম শ্রেণি পাশ করেন রাজন্যা, যেখানে তিনি আইসিএসই পরীক্ষায় ৯৮.৮০% নম্বর পান। এরপর পরবর্তী ধাপের পড়াশোনার জন্য কলকাতার একটি স্কুলে ভর্তি হন এবং সেখান থেকে সিবিএসসি বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯৫.২০% নম্বর নিয়ে সফলভাবে উত্তীর্ণ হন। নিট-এর পাশাপাশি রাজন্যা ডব্লিউবিজেইই পরীক্ষায় ৯২২তম স্থান, আইএটি পরীক্ষায় ৩৫৬তম স্থান এবং জেইই মেইন পরীক্ষায় ১৮,৭০০তম স্থান অর্জন করেছেন। ফলে ইঞ্জিনিয়ারিং ও গবেষণার ক্ষেত্রেও তার সামনে একাধিক সুযোগ রয়েছে।
কিন্তু মানুষের সেবা করা এবং নিজের দাদু-ঠাকুমার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করার জন্য তিনি চিকিৎসক হবেন বলেই মনস্থির করে নিয়েছেন। এমবিবিএস পড়ার জন্য তার প্রথম পছন্দের মধ্যেই রয়েছে এইমস ভুবনেশ্বর বা এইমস রায়পুর। রাজন্যার ঠাকুরদা অশ্বিনী কুমার দিন্দা পেশায় শিক্ষক ছিলেন। নাতনির এই অসামান্য সাফল্যে তাঁরা আবেগাপ্লুত এবং জীবনের শেষ দিনগুলোতে নাতনির কাছ থেকেই সেবা পাওয়াই তাদের একান্ত ইচ্ছা। রাজন্যার এই দায়িত্বশীল সিদ্ধান্ত এবং তার কৃতিত্ব এলাকার বহু ছেলেমেয়েকে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।








