কোটি টাকার তোলাবাজি ও খুনের হুমকি! গভীর রাতে গ্রেফতার বিধাননগরের দাপুটে নেতা সব্যসাচী দত্ত

কোটি টাকার তোলাবাজি ও খুনের হুমকির অভিযোগে গভীর রাতে গ্রেফতার বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। মঙ্গলবার আদালতে পেশ।

Share:

ব্যুরো নিউজ, ৯ জুন ২০২৬ঃ সোমবার গভীর রাতে চাঞ্চল্যকর গ্রেফতারির ঘটনা ঘটল বিধাননগরে। কোটি টাকার তোলাবাজি, মানসিক নির্যাতন এবং খুনের হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগে বিধাননগর পুরসভার বর্তমান চেয়ারম্যান তথা তৃণমূলের দাপুটে নেতা সব্যসাচী দত্তকে গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। মঙ্গলবার সকালেই তাঁকে বিধাননগর আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, সোমবার বিকেলে মধুসূদন চক্রবর্তী নামে এক স্থানীয় ব্যবসায়ী সব্যসাচী দত্তর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই ব্যবসায়ীর অভিযোগ, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে সব্যসাচী দত্ত তাঁর কাছ থেকে এক কোটি টাকা তোলা হিসেবে নিয়েছিলেন। শুধু তাই নয়, দিনের পর দিন তাঁকে মানসিক নির্যাতন এবং মুখ খুললে খুনের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়।

সোমবার রাতেই নিউটাউনের একটি বহুতল আবাসনে সব্যসাচীর নিজস্ব ফ্ল্যাটে হানা দিয়ে তাঁকে প্রথমে আটক করা হয় এবং পরে গভীর রাতে গ্রেফতার করা হয়। এই হাই-প্রোফাইল গ্রেফতারি নিয়ে পুলিশ এখনও পর্যন্ত সরকারিভাবে বিস্তারিত কিছু জানায়নি। সব্যসাচী দত্ত সদ্যসমাপ্ত নির্বাচনে বারাসত বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর আগে তিনি রাজারহাট-নিউটাউন কেন্দ্রের বিধায়ক এবং বিধাননগর পুরসভার মেয়রও ছিলেন। বর্তমানে তিনি ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে আসীন ছিলেন।