ব্যুরো নিউজ, ৩ জুন ২০২৬ঃ প্রাক্তন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ৪০ বছরের রাজনৈতিক জীবনের ইতি টেনে রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই তাঁকে রাজনৈতিক ময়দানে সেভাবে দেখা যায়নি। এই সময় অনলাইন-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “মানুষ যখন প্রত্যাখ্যান করেছেন তখন আমার মনে হয়েছে আর প্রয়োজনীয়তা নেই রাজনীতির।”
বর্তমান রাজনৈতিক সংস্কৃতির তীব্র সমালোচনা করে তিনি বলেছেন, অসৎ, অসৌজন্যতা, অশালীনতা, কুৎসা ও অপপ্রচারের এই পরিবেশে তিনি মানিয়ে নিতে পারছিলেন না। নির্বাচনে হারের কারণ হিসেবে তিনি মানুষের পরিবর্তন চাওয়ার কথা উল্লেখ করেছেন। তাঁর মতে, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কাজ করলেও মানুষ বিকল্প চেয়েছে, আরও উন্নয়নের জন্য পরিবর্তন করেছে। রাজনীতি ছাড়লেও রাজনৈতিক আলোচনা থেকে দূরে থাকবেন না বলে জানিয়েছেন স্নেহাশিস চক্রবর্তী। লেখার মাধ্যমে তিনি এই আলোচনা চালিয়ে যেতে চান।
তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়েও মুখ খুলেছেন তিনি, বিধায়কদের ব্যক্তিগত মত প্রকাশের পরিসরের অভাব ছিল বলেই বিকল্প ব্যবস্থা তৈরি হয়েছে বলে মনে করেন। তবে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা শোনা গেছে তাঁর মুখে। শুভেন্দুকে একজন লড়াকু ও অভিজ্ঞ নেতা হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেছেন, “শুভেন্দু অধিকারী ভালো লিডার, তিনি আমাদের দলের লিডার ছিলেন।” শুভেন্দু অধিকারীর প্রশাসনিক মিটিংয়ে বিরোধী দলের বিধায়কদের ডাকার পদক্ষেপেরও প্রশংসা করেছেন প্রাক্তন এই মন্ত্রী। তৃণমূলের বিরুদ্ধে ওঠা জুলুম ও দুর্নীতির অভিযোগ স্বীকার করে নতুন সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।







