দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, মিনি কালবৈশাখীর দাপটে ভাসবে কোন কোন জেলা?

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ভাসতে পারে, মিনি কালবৈশাখীর দাপট। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস।

Share:

ব্যুরো নিউজ, ২৭ জুলাই ২০২৬ : নিম্নচাপের জেরে আমূল বদলে গিয়েছে বাংলার আবহাওয়া। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলের ওপর তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে দফায় দফায় দুর্যোগ চলছে রাজ্যজুড়ে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজ দুপুরের মধ্যে এটি পারাদীপ ও সাগর দ্বীপের মধ্যবর্তী অঞ্চল দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।

পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলায় ব্যাপক জল জমার আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে মিনি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টিপাত চলবে।

অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালের আবহাওয়া প্রসঙ্গে আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।