ব্যুরো নিউজ, ১৮ জুন ২০২৬ঃ দক্ষিণবঙ্গজুড়ে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। খাতায়-কলমে বর্ষা রাজ্যে প্রবেশ করলেও, দক্ষিণবঙ্গের মানুষ এখনও বৃষ্টির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। উত্তরবঙ্গে যখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, তখন দক্ষিণে গরমের দাপট অব্যাহত।
এই পরিস্থিতিতে হাওয়া অফিস জানিয়েছে, আগামী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ৭টি জেলায় হালকা থেকে মাঝারি অথবা বিক্ষিপ্ত পরিমাণে ঝড়-বৃষ্টি হতে পারে। এর জন্য পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়া জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানী ড. সৌরিশ বন্দ্যোপাধ্যায় এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, আগামী ২০ জুনের পর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টিপাত হতে পারে, যার ফলে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে আপাতত আগামী ২-৩ দিন এই গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তিনি আরও জানান, অন্যান্য বছরের তুলনায় এই বছর দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি কিছুটা কম হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার দাপট অব্যাহত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়া দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের বাকি জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গবাসী এখন পূর্ণাঙ্গ বর্ষার অপেক্ষায় দিন গুনছে, কবে এই ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলবে।








