নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ১০-১৩ জুলাই প্রবল দুর্যোগের পূর্বাভাস। উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি।

Share:

 

ব্যুরো নিউজ, ৯ জুলাই ২০২৬ : আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন আসতে চলেছে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে আগামী ১০ থেকে ১৩ জুলাইয়ের মধ্যে প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে, যার জেরে কলকাতা সহ একাধিক জেলায় ভারী বৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

আজ বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এছাড়া নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা উত্তর-পশ্চিম রাজস্থান থেকে উত্তর-পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম উত্তর প্রদেশের ওপর অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপ এলাকা ঝাড়খন্ড এবং উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে অতিক্রম করছে। এই সিস্টেমের জেরেই বাংলায় বৃষ্টির ভ্রূকুটি। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

আগামীকাল শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শুক্রবার হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।