ব্যুরো নিউজ, ২৭ মে ২০২৬ঃ সুপ্রিম কোর্ট ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া নিয়ে এক ঐতিহাসিক রায় ঘোষণা করেছে। শীর্ষ আদালত জানিয়েছে, নির্বাচন কমিশন চাইলে বিশেষ তদন্ত প্রক্রিয়া (‘SIR’) ব্যবহার করে ভোটার তালিকা খতিয়ে দেখতে পারবে। এই প্রক্রিয়াকে বৈধ বলেই মান্যতা দিয়েছে আদালত। একইসঙ্গে আদালত স্পষ্ট করেছে যে, শুধুমাত্র ভোটার কার্ড থাকলেই কাউকে নাগরিক হিসেবে চূড়ান্তভাবে ধরে নেওয়া যাবে না। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চ এই রায় দিয়েছে।
আদালতের মতে, সঠিক ও স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাই নির্বাচন কমিশন যদি বিশেষভাবে তালিকা যাচাই করতে চায়, তবে তা আইনবিরোধী নয়। সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনের হাতে প্রয়োজন হলে বিশেষ পদক্ষেপ নেওয়ার পূর্ণ ক্ষমতা রয়েছে বলেও আদালত উল্লেখ করেছে। এই মামলায় আবেদনকারীদের যুক্তি ছিল যে, ‘SIR’ প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ নিয়মের বাইরে গিয়ে ভোটার তালিকা সংশোধনের চেষ্টা করা হচ্ছে। কিন্তু সুপ্রিম কোর্ট সেই যুক্তি খারিজ করে দিয়েছে। বেঞ্চ আরও বলেছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন শুধু ভোটের দিন ঠিকভাবে হলেই হয় না, তার আগে ভোটার তালিকা কতটা নির্ভুল, সেটাও সমান গুরুত্বপূর্ণ। ভুল বা ভুয়ো নামমুক্ত স্বচ্ছ ভোটার তালিকাই গণতন্ত্রকে শক্তিশালী করে। নাগরিকত্ব নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে শীর্ষ আদালত।
আদালত জানিয়েছে, ভোটার তালিকায় নাম থাকা নাগরিকত্বের প্রাথমিক প্রমাণ হতে পারে, কিন্তু সেটাই শেষ বা চূড়ান্ত প্রমাণ নয়। প্রয়োজনে আইন মেনে যে কোনও ব্যক্তির নাগরিকত্ব যাচাই করা যেতে পারে। তবে এই যাচাই প্রক্রিয়া অবশ্যই ন্যায্য, স্বচ্ছ এবং আইনসম্মত হতে হবে, যাতে কোনও প্রকৃত ভারতীয় নাগরিকের অধিকার ক্ষুণ্ণ না হয়। বর্তমান ‘SIR’ কাঠামোতে যথেষ্ট আইনি সুরক্ষা রয়েছে বলেও আদালত জানিয়েছে।








