শুভেন্দুর পিএ খুনে মূল অভিযুক্তের আত্মসমর্পণ, ১৪ দিনের সিবিআই হেফাজত

শুভেন্দুর পিএ চন্দ্রনাথ রথ খুনের মূল অভিযুক্ত উত্তরপ্রদেশে আত্মসমর্পণ করেছে। ১৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের।

Share:

ব্যুরো নিউজ, ৫ জুন ২০২৬ঃ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক (পিএ) চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে অবশেষে বড়সড় সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উত্তরপ্রদেশের বালিয়ার আদালতে আত্মসমর্পণ করল এই খুনের ঘটনার অন্যতম মূল অভিযুক্ত জ্ঞানেন্দ্র প্রতাপ সিং ওরফে মনু। আদালত ধৃত অভিযুক্তকে ১৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে।

তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, ধৃত জ্ঞানেন্দ্র প্রতাপ সিং ওরফে মনু দীর্ঘদিন ধরেই নানা অপরাধমূলক ও অসামাজিক কাজের সঙ্গে জড়িত। চন্দ্রনাথ রথ খুন ছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় কমপক্ষে ১২টি মামলা রয়েছে। গত ২৫ মে থেকেই তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। ঘটনার সূত্রপাত গত ৬ মে, বুধবার রাতে। নিজাম প্যালেস থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন শুভেন্দুর তৎকালীন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ।

অভিযোগ, নিজাম প্যালেস থেকেই চন্দ্রনাথবাবুর গাড়ি অনুসরণ করে পিছু ধাওয়া করেছিল ঘাতকেরা। এর পর মধ্যমগ্রামে তাঁর গাড়ি আটকে একেবারে কাছ থেকে গুলি চালানো হয়। তদন্তকারীদের মতে, পুরো খুনের ঘটনাটি ঘটেছিল মাত্র ৫০ সেকেন্ডের এক ঝোড়ো ‘অপারেশনে’। ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দ্রনাথের এবং গুরুতর জখম হন তাঁর গাড়িচালক। অপরাধের ধরন দেখে গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, চন্দ্রনাথবাবুর গতিবিধির ওপর দীর্ঘদিন ধরে নজরদারি চালানোর পরেই এই ছক কষা হয়েছিল। নেপথ্যে ভিনরাজ্যের শার্প শুটার ও লোকাল কানেকশন থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।