পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বিপুল চাহিদা, সময়মতো জোগান দিতে হিমশিম খাচ্ছেন শিল্পীরা

পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির চাহিদা তুঙ্গে। ৬ জুলাই জন্মদিনের আগে ১৫-২০টি মূর্তি তৈরি করতে হিমশিম খাচ্ছেন শিল্পী ভীম পাল। বিজেপি নেতাদের কাছ থেকে আসছে বিপুল অর্ডার।

Share:

ব্যুরো নিউজ, ৫ জুলাই ২০২৬ঃ ৬ জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনকে সামনে রেখে রাজ্যজুড়ে গেরুয়া শিবিরের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এই উৎসবের আবহে আচমকাই বিপুল চাহিদা বেড়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির। এই অপ্রত্যাশিত চাহিদার জোগান দিতে গিয়ে এখন কালঘাম ছুটছে পশ্চিম বর্ধমানের জামুড়িয়া বিধানসভার প্রত্যন্ত ডোবরানা গ্রামের ভাস্কর ভীম পালের।

শিল্পী ভীম পাল জানিয়েছেন, কলকাতা, বীরভূম থেকে শুরু করে দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় কিংবা বারাবনির বিধায়ক অরিজিৎ রায়ের মতো হেভিওয়েট বিজেপি নেতারা এই মূর্তিগুলির বরাত দিয়েছেন। সব মিলিয়ে আগামী এক মাসের মধ্যে প্রায় ১৫ থেকে ২০টি মূর্তি তৈরি করার অর্ডার রয়েছে তাঁর কাছে। এই বিপুল সংখ্যক মূর্তি তৈরির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় তিনি রীতিমতো চাপে রয়েছেন। ভীম পাল আরও জানান, মূর্তির প্রচুর বরাত আসছে ঠিকই, কিন্তু অধিকাংশ নেতাই এক সপ্তাহ বা মাত্র দু-তিন দিন আগে ফোন করে মূর্তি চাইছেন।

এমনকি, বারাবনির বিধায়ক অরিজিৎ রায়ের দাদা অভিজিৎ রায় তো মাত্র একদিনের মধ্যেই মূর্তির দাবি করেছিলেন। মাটি দিয়ে প্রথমে নিখুঁত ক্লে মডেলিং তৈরি করে, তারপর ফিনিশিং দিয়ে একটি মূর্তি সম্পূর্ণ করতে বেশ কয়েকদিন সময় লাগে। এত কম সময়ে এতগুলি মূর্তি তৈরি করা শিল্পীর পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে এই ধরনের মূর্তির চাহিদা বাড়লেও, সময়মতো জোগান দেওয়া শিল্পীদের কাছে এক বড় চ্যালেঞ্জ।