ব্যুরো নিউজ, ২৭ জুলাই ২০২৬ : গোটা শ্রাবণ মাস জুড়েই হুগলির তারকেশ্বর মন্দিরে ভক্তদের ঢল নামে। এবছরও তার ব্যতিক্রম হয়নি । দ্বিতীয় সোমবারেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা কাঁধে বাঁক ও জল নিয়ে পায়ে হেঁটে তারকনাথের মন্দিরে হাজির হচ্ছেন। ছুটির আমেজ থাকায় রবিবার থেকেই ভিড় বাড়তে শুরু করেছিল, যা সোমবার সকাল থেকে আরও তীব্র আকার ধারণ করে। এ বছর শ্রাবণী মেলা জাতীয় মেলার তকমা পেয়েছে।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আবহাওয়া অনুকূল থাকলে প্রতি সোমবার পুণ্যার্থীদের জন্য হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে। গত সপ্তাহের মতো এ সপ্তাহেও রবিবারই এই ‘ট্র্যাডিশন’ বজায় রেখে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়, যা ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহের সৃষ্টি করে। শেওড়াফুলি, বৈদ্যবাটি, নিমাইতীর্থ ঘাট সহ গঙ্গার বিভিন্ন ঘাট থেকে জল নিয়ে পুণ্যার্থীরা তারকেশ্বরের দিকে রওনা দেন। প্রশাসন মেলার নিরাপত্তা, জল সরবরাহ এবং স্বাস্থ্য পরিষেবার উপর বিশেষ জোর দিয়েছে। গঙ্গার ১৪টি ঘাটে বিশেষ ব্যবস্থা করা হয়েছে এবং তীর্থকর মকুব করা হয়েছে। পুণ্যার্থীদের সুবিধার জন্য প্রতি ৫ কিলোমিটার অন্তর স্বাস্থ্য শিবির এবং শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত ৪০ কিলোমিটার রাস্তায় ২৪ ঘণ্টা চিকিৎসা পরিষেবা চালু রাখা হয়েছে। তারকেশ্বরে ৩০ শয্যার দুটি মিনি হাসপাতালও তৈরি করা হয়েছে, যেখানে আইসিইউ-এর মতো উন্নত পরিষেবা পাওয়া যাবে।








