ব্যুরো নিউজ, ৯ জুলাই ২০২৬ : তারাপীঠ মন্দিরের দানবাক্সের অর্থ নিয়ে দীর্ঘদিনের বিতর্ক ও আর্থিক অস্বচ্ছতার অভিযোগের পর এবার যুগান্তকারী পদক্ষেপ নিল নবগঠিত মন্দির কমিটি। ভক্তদের দান করা অর্থ ব্যবস্থাপনায় সম্পূর্ণ স্বচ্ছতা আনতে চালু হচ্ছে ডিজিটাল লেনদেন ব্যবস্থা। মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, এবার থেকে প্রতিদিন মন্দিরে জমা হওয়া দান ও তহবিলের অর্থ সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে হবে। যদি ব্যাঙ্ক বন্ধ থাকে, তবে পরবর্তী কর্মদিবসেই তা জমা দেওয়া হবে।
সম্প্রতি মন্দির তহবিলের টাকা নয়ছয় এবং হঠাৎ করে প্রায় আড়াই কোটি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়া নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। এই প্রেক্ষাপটে নতুন কমিটি একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। মন্দিরের বিভিন্ন তহবিলের জন্য আলাদা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হবে, যা বর্তমানে পাঁচটি রয়েছে। এর ফলে প্রতিটি তহবিলের আয়-ব্যয়ের হিসাব পৃথকভাবে সংরক্ষণ করা সহজ হবে। এছাড়াও, মন্দিরের সমস্ত আর্থিক লেনদেন ধাপে ধাপে ডিজিটাল পদ্ধতিতে আনা হবে এবং এর জন্য নতুন কর্মীও নিয়োগ করা হবে। ছোটখাটো দৈনন্দিন খরচ নগদে মেটানো হলেও, বড় অঙ্কের সমস্ত লেনদেন শুধুমাত্র চেকের মাধ্যমে সম্পন্ন হবে, যাতে ভবিষ্যতে কোনো অনিয়মের অভিযোগ না ওঠে।
হাঁসন বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিজেপি প্রার্থী নিখিল বন্দ্যোপাধ্যায়কে সভাপতি এবং সেবাইত পুলক চট্টোপাধ্যায়কে সম্পাদক করে গঠিত এই কমিটির একমাত্র লক্ষ্য মন্দিরের আর্থিক ব্যবস্থাপনায় সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা। আগামী এক সপ্তাহের মধ্যে এই ব্যাঙ্কিং প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে জানানো হয়েছে।








