তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, নবান্নের কন্ট্রোল রুম, ঘটনাস্থলে মন্ত্রী

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। বহু শ্রমিক আটকে পড়ার আশঙ্কা, নবান্নের কন্ট্রোল রুম। মন্ত্রী ইন্দ্রনীল খাঁ ঘটনাস্থলে, কাঠগড়ায় তৃণমূল।

Share:

ব্যুরো নিউজ, ২৪ জুন ২০২৬ঃ দুপুরে তারাতলায় এক নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। বন্দরের জমিতে তৈরি হচ্ছিল তিনতলা ওই গুদামটি, যেখানে চায়ের গুদাম হিসেবে ব্যবহারের পরিকল্পনা ছিল। এদিন তিনতলার ছাদ ঢালাইয়ের কাজ চলার সময়েই আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ। এর ফলে বহু শ্রমিক নিচে চাপা পড়েন। প্রাথমিকভাবে প্রায় ১০ জনকে উদ্ধার করা সম্ভব হলেও, এখনও বহু শ্রমিকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন দমকল, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজে গতি আনতে সেনা নামানো হয়েছে বলেও জানা গেছে।

মন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানান, “আমাদের প্রথম লক্ষ্য প্রাণগুলোকে বাঁচানো। দ্রুত গতিতে উদ্ধার কাজ শুরু করা হয়েছে।” পরিস্থিতি মোকাবিলায় নবান্নের তরফে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গোটা পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছেন এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান মন্ত্রী ইন্দ্রনীল খাঁ এবং অগ্নিমিত্রা পাল।

মন্ত্রী ইন্দ্রনীল খাঁ উদ্ধারকাজ তদারকি করার পাশাপাশি এই বিপর্যয়ের জন্য পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তোলেন। তাঁর অভিযোগ, তৃণমূলের আমলে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে এই গুদামটি তৈরি করা হচ্ছিল। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে এবং আটকে পড়াদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন।