তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়, চাঞ্চল্য রাজপুর-সোনারপুরে

তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন রাজপুর-সোনারপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়। গড়িয়ার একটি হোটেল থেকে তাঁকে আটক করে নরেন্দ্রপুর পুলিশ। তদন্ত শুরু।

Share:

ব্যুরো নিউজ, ১১ জুন ২০২৬ : তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন রাজপুর-সোনারপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায় ওরফে মনু। বুধবার গভীর রাতে গড়িয়ার রুবি সংলগ্ন বাইপাস এলাকার একটি হোটেল থেকে তাঁকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে তাঁর গ্রেফতারির খবর সামনে আসে। বিভাস মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তোলাবাজি ছাড়াও একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বিভাস মুখোপাধ্যায়ের বিরুদ্ধে স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন কারণে টাকা তোলার অভিযোগ উঠছিল। ক্ষমতার জোরে তিনি এতদিন নিজেকে আড়াল করে রেখেছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ রুবি সংলগ্ন হোটেলে হানা দেয় এবং তাঁকে আটক করে। এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা জানতে ধৃত কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিভাস মুখোপাধ্যায় এলাকায় রীতিমতো ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিলেন। এলাকায় কিছু করতে গেলেই তোলা চাওয়া হতো এবং সাধারণ মানুষের ওপর অত্যাচার চালানো হতো। রাজ্যের মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পর শুভেন্দু অধিকারী তোলাবাজির বিরুদ্ধে কড়া সুর চড়িয়েছেন।

তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তোলাবাজি কোনওভাবে বরদাস্ত করা হবে না। ইতিমধ্যে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক তৃণমূল নেতা তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন। রাজ্য সরকার এই ধরনের অপরাধের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে।