২১ সেপ্টেম্বর থেকে উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষা: কড়া নিরাপত্তায় প্রস্তুত সংসদ

২১ সেপ্টেম্বর থেকে শুরু উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষা ২০২৭। কড়া নিরাপত্তায় ৮২৫টি কেন্দ্রে ৭ লক্ষের বেশি পরীক্ষার্থী। হেল্পলাইন চালু করল সংসদ।

Share:

ব্যুরো নিউজ, ১৯ সেপ্টেম্বর ২০২৬:  পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ২০২৭ সালের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত প্রেস বিবৃতি প্রকাশ করেছে। আগামী ২১শে সেপ্টেম্বর থেকে এই পরীক্ষা শুরু হয়ে ১৪ই অক্টোবর পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে কেন্দ্রে পৌঁছতে হবে এবং পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এ বছর মোট ৭,১৮,৬২০ জন পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষায় বসছে, যা ২০২৬ সালের তুলনায় বেশি। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৩,১৫,৭৩১ জন (৪৩.৯৪%) এবং ছাত্রী ৪,০২,৮৮৯ জন (৫৬.০৬%)। মোট ৮২৫টি কেন্দ্রে ২১০৫টি ভেন্যুতে এই পরীক্ষা নেওয়া হবে, যার মধ্যে ৯৯টি সংবেদনশীল ভেন্যু চিহ্নিত করা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন (CWSN) পরীক্ষার্থীর সংখ্যা ৪২৬ জন। পরীক্ষায় কড়া নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে সংসদ একাধিক পদক্ষেপ নিয়েছে। প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন করে ইনভিজিলেটর থাকবেন। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের মূল গেট এবং ভেন্যু সুপারভাইজারের কক্ষে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে। মোবাইল ফোন, ক্যালকুলেটর-সহ যেকোনো ইলেকট্রনিক গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে; ধরা পড়লে এনরোলমেন্ট বাতিল হবে। মেটাল ডিটেক্টর দিয়ে প্রতিটি কেন্দ্রের মূল গেটে পরীক্ষার্থীদের তল্লাশি করা হবে।

বাংলা, ইংরেজি, হিন্দি ও অলচিকি — এই চার ভাষায় পরীক্ষা নেওয়া হবে। OMR মূল্যায়ন সম্পূর্ণ মেশিনের মাধ্যমে হবে, তবে লিখিত OMR-এর আংশিক খাতা অফিসের মাধ্যমে দেখা হবে। প্রতিটি কেন্দ্রে একজন করে কাউন্সিল নমিনি উপস্থিত থাকবেন। পরীক্ষার্থীরা অনলাইন পোর্টাল থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। প্রশ্নপত্র বিতরণ ১১ই সেপ্টেম্বর রাজ্যের ৫৬টি ক্যাম্পের মাধ্যমে সম্পন্ন হবে। পরীক্ষার্থী ও পরীক্ষাকর্মীদের সুবিধার জন্য হেল্পলাইন (033-23370792 / 6289886606) এবং কন্ট্রোল রুম (033-23379661) খোলা হয়েছে।