ব্যুরো নিউজ, ২১ মে ২০২৬ঃ রাজ্যের প্রান্তিক ও পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের মানুষদের কল্যাণে এক যুগান্তকারী পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। তাদের দোরগোড়ায় সমস্ত সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুরু হল ‘জন ভাগীদারি অভিযান’ বা কর্মসূচি। এই বিশেষ প্রকল্পের মাধ্যমে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সহ অসংখ্য সরকারি সুবিধা এক ছাদের তলায় মিলবে। সাধারণ মানুষের রায়ে বাংলার সিংহাসনে বসেই শুভেন্দু অধিকারী সরকার একের পর এক প্রতিশ্রুতি পূরণ করছে, এই অভিযান তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। রাজ্য সরকারের নির্দেশের পরই বিভিন্ন জেলায় তৎপরতার সাথে এই অভিযান শুরু হয়েছে। নদিয়া জেলায় প্রশাসনিক উদ্যোগে ইতিমধ্যেই এই প্রকল্পের কাজ চলছে।
সূত্রের খবর, নদীয়ার ৫টি ব্লকের মধ্যে ৯টি আদিবাসী অধ্যুষিত অঞ্চলকে এই কর্মসূচির আওতায় আনা হচ্ছে। কৃষ্ণনগর ১ ব্লকের জোয়ানিয়া পঞ্চায়েতের একতাপুর, মনিপোতা, সরডাঙ্গা সহ একাধিক গ্রামে বিশেষ শিবিরের আয়োজন করা হবে। প্রাথমিকভাবে, যে সমস্ত অঞ্চলে আদিবাসীদের জনসংখ্যা ৫০ শতাংশের বেশি, সেইসব জায়গায় শিবির খোলা হবে। সরকারি সূত্র মারফত জানা গেছে, এই শিবিরগুলিতে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক সহ সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। স্থানীয় বাসিন্দারা সহজেই ডিজিটাল পরিচয়পত্র, জাতিগত শংসাপত্র তৈরির জন্য আবেদন করতে পারবেন এবং সেগুলির দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা হবে। এছাড়াও, সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের নাম নথিভুক্তকরণের সুযোগ থাকবে। এই অভিযানের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তাঁদের দীর্ঘদিনের সমস্যার সমাধান এক ছাদের তলায় পেয়ে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।








