শিক্ষক-শিক্ষিকারা জনগণনার কাজে ব্যস্ত, ফিরছে কি ‘মর্নিং স্কুল’? বড় ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী দীপক বর্মন

শিক্ষক-শিক্ষিকারা জনগণনার কাজে ব্যস্ত থাকায় রাজ্যে ফের 'মর্নিং স্কুল' চালু হওয়ার ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী দীপক বর্মন। প্রতি বছর শিক্ষক নিয়োগেরও ঘোষণা।

Share:

ব্যুরো নিউজ, ২৯ জুলাই ২০২৬ : জনগণনার কাজে রাজ্যের বহু শিক্ষক-শিক্ষিকা ব্যস্ত থাকায় ফের ‘মর্নিং স্কুল’ চালু হওয়ার ইঙ্গিত দিলেন রাজ্যের স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন। জলপাইগুড়িতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, জনগণনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, তবে স্কুল পড়ুয়াদের পড়াশোনাকেও অবহেলা করা হবে না। এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতেই সরকার চিন্তাভাবনা করছে। শিক্ষামন্ত্রী বলেন, জনগণনার কাজে শিক্ষকদের যুক্ত থাকতে হবে। তাই পড়াশোনায় যাতে কোনও ব্যাঘাত না ঘটে, সেই লক্ষ্যেই শিক্ষকদের একাংশ সকালের স্কুল চালুর প্রস্তাব দিয়েছেন। সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে।

সকালে ক্লাস শেষ হলে দিনের বাকি সময়ে শিক্ষকরা জনগণনার কাজ করতে পারবেন। এতে পাঠদান এবং সরকারি দায়িত্ব দুইয়ের মধ্যে সমন্বয় করা সহজ হবে। এই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি, শিক্ষামন্ত্রী আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি বলেন, রাজ্যে শিক্ষক সংকট দূর করতে এখন থেকে প্রতি বছর নিয়মিত শিক্ষক নিয়োগ করা হবে।

তাঁর কথায়, “যেমন প্রতি বছর দুর্গাপুজো হয়, তেমনই প্রতি বছর শিক্ষক নিয়োগও হবে।” মাধ্যমিক পরীক্ষা নিয়েও বড় বার্তা দেন মন্ত্রী। তিনি জানান, এবার থেকে ছাত্রছাত্রীদের উপস্থিতি ‘ফেস বায়োমেট্রিক’ পদ্ধতিতে নথিভুক্ত করা হবে। নির্ধারিত উপস্থিতির হার পূরণ না হলে কোনও পড়ুয়াকে মাধ্যমিক পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলেও স্পষ্ট জানান তিনি। শিক্ষামন্ত্রীর এই মন্তব্য ঘিরে শিক্ষা মহলে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে।