শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ! দক্ষিণবঙ্গে লাল সতর্কতা, কলকাতায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। দক্ষিণবঙ্গে জারি লাল সতর্কতা, কলকাতায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা। আগামী কয়েকদিন রাজ্যজুড়ে দুর্যোগের পূর্বাভাস।

Share:

ব্যুরো নিউজ, ৪ জুলাই ২০২৬ঃ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে গভীর নিম্নচাপ। হাওয়া অফিসের সাম্প্রতিক বুলেটিন জানাচ্ছে, আগামী রবিবার বিকেলের মধ্যে এটি ওড়িশার বালাসোরের কাছাকাছি কোনও এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এর প্রভাবে আজ শনিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রাকৃতিক দুর্যোগের স্পষ্ট পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উপকূলের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা প্রকাশ করে ‘লাল সতর্কতা’ জারি করা হয়েছে। কলকাতায় আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও, সন্ধ্যার পর থেকেই বৃষ্টির তীব্রতা ক্রমশ বাড়বে। আগামীকাল রবিবার কলকাতার জন্য ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আলিপুর।

শুধু বৃষ্টিই নয়, রবিবারে কলকাতা শহর ও তার পার্শ্ববর্তী এলাকায় দফায় দফায় ঝড়ো হাওয়া বইবে, যার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আবহাওয়া দফতরের লাল তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলা। এছাড়া ভারী বৃষ্টির জেরে ‘কমলা সতর্কতা’ জারি থাকছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলাতে। রবিবার ছুটির দিনে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা বলবৎ থাকবে। এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলাতেও ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

সোমবারও দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে এবং প্রাকৃতিক দুর্যোগ থিতু হওয়ার লক্ষণ নেই। এই দিনও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি থাকছে। মঙ্গলবার এবং বুধবারেও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির দাপট থাকবে এবং ‘হলুদ সতর্কতা’ জারি থাকবে। তবে উপকূলের দুই জেলা— দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা বজায় রাখা হচ্ছে।

উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা ভিন্ন। আলিপুর জানাচ্ছে, আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে মঙ্গলবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।