ব্যুরো নিউজ, ১০ নভেম্বর ২০২৬: ভাইফোঁটার আনন্দ মাটি করতে পারে বৃষ্টি! রাজ্যের আবহাওয়া এখন বেশ খামখেয়ালি। কালীপুজোর পর শীতের আমেজ শুরু হলেও, হঠাৎ করেই যেন সব ওলটপালট। মঙ্গলবার, ভাইফোঁটার দিন সকাল থেকেই আকাশের মুখ ভার। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবার সম্ভাবনা।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই ফোঁটা নিতে যাওয়ার সময় ছাতা সঙ্গে রাখা জরুরি। এই বৃষ্টির ভ্রুকুটি শুধু আজ নয়, বুধবারও বজায় থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও হালকা বৃষ্টির পূর্বাভাস। তবে বৃহস্পতিবারও কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। বৃষ্টির পাশাপাশি উধাও হয়ে গিয়েছে শীতের সেই শিরশিরে ভাব। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় উত্তুরে হাওয়া থমকে গিয়েছে। ফলে ঠান্ডার আমেজ গায়েব।
তবে মেঘ কাটলেই তাপমাত্রা কমবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। শুক্রবারের পর থেকে রাজ্যে ফের শীতের আমেজ ফেরার সম্ভাবনা প্রবল। আপাতত উৎসবের এই কয়েকটা দিন মেঘ-বৃষ্টির সঙ্গেই মানিয়ে নিতে হবে।









