ব্যুরো নিউজ, ১২ নভেম্বর ২০২৬: অনেকেই বাড়িতে চা বানিয়েও সেই দোকানের মতো স্বাদ পান না। দামি চা পাতা ব্যবহার করেও মনমতো গন্ধ বা স্বাদ আসে না। এর কারণ হতে পারে আপনার চায়ে সঠিক মশলার অভাব। এবার এই সহজ রেসিপি মেনে চললেই আপনার হাতের চায়ের প্রশংসায় পঞ্চমুখ হবে বাড়ির সকলে। চায়ে একঘেয়েমি কাটাতে এবং স্বাদ বাড়াতে মশলার জুড়ি মেলা ভার। কিন্তু কোন মশলা কতটা পরিমাণে মেশালে চায়ের আসল স্বাদ পাওয়া যায়, তা অনেকেই জানেন না।
আজ আমরা আপনাদের জানাবো সেই সিক্রেট মশলা তৈরির পদ্ধতি, যা আপনার চা-কে করে তুলবে অসাধারণ। এই মশলা তৈরির জন্য প্রয়োজন গোটা গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, মৌরি, ছোট ও বড় এলাচ, শুকনো আদা, জয়ত্রী এবং জায়ফল। প্রথমে দারচিনি, গোলমরিচ, লবঙ্গ ও মৌরি হালকা আঁচে ৩০ সেকেন্ড ভেজে নিন। এরপর এলাচ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করুন। সব ভাজা মশলা ঠান্ডা হলে আদা গুঁড়ো, জয়ত্রী ও জায়ফলের সাথে মিক্সিতে দিয়ে একটু দানাদার করে গুঁড়ো করে নিন। এই মশলা চায়ে ব্যবহার করলে তার সুগন্ধ ও স্বাদ দুই-ই বাড়বে। জল গরম হওয়ার পর চা পাতা, চিনি এবং এই মশলার সামান্য অংশ মিশিয়ে নিন। তারপর দুধ দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি আপনার পারফেক্ট মশলা চা। এই চায়ের গন্ধে শুধু আপনার ঘর নয়, মোহিত হবে চারপাশ। একবার এই মশলা চায়ে চুমুক দিলে রোজ এভাবেই চা খেতে মন চাইবে!









