আইআইটি খড়গপুরে এবার এমডি কোর্স! ডাক্তারি শিক্ষায় দেশের প্রথম উদ্যোগ

খড়গপুর আইআইটি-তে চালু হচ্ছে দেশের প্রথম পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল কোর্স। জেনে নিন কোন কোন বিষয়ে এমডি কোর্স এবং ভর্তির নিয়মাবলী।

Share:

ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর ২০২৬: প্রযুক্তি ও চিকিৎসাবিজ্ঞানের মেলবন্ধনে এক নতুন দিগন্ত উন্মোচন করল খড়গপুর আইআইটি। দেশের ইতিহাসে এই প্রথমবার কোনও আইআইটি-তে চালু হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল কোর্স। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই এই কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। প্রাথমিকভাবে মোট ৬টি বিশেষ বিষয়ে ১২টি আসনে এমডি (MD) কোর্স চালু করা হচ্ছে।

এই যুগান্তকারী পদক্ষেপের ফলে ভারতের উচ্চশিক্ষা ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হল। খড়গপুর আইআইটি-র ডাঃ বি সি রায় মাল্টি-স্পেশালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টারে এই কোর্সগুলি পড়ানো হবে। এতদিন মূলত ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তির জন্য পরিচিত থাকলেও, এবার চিকিৎসাবিজ্ঞানের উচ্চশিক্ষাতেও নিজেদের ছাপ রাখতে চলেছে এই প্রতিষ্ঠান। বিশেষজ্ঞরা মনে করছেন, চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং অত্যাধুনিক গবেষণার সমন্বয় সাধনে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রাথমিকভাবে যে ছ’টি বিষয়ে এমডি কোর্স চালু হচ্ছে, সেগুলি হল— জেনারেল মেডিসিন, রেডিওলজি, ফিজিওলজি, প্যাথলজি, কমিউনিটি মেডিসিন এবং বায়োকেমিস্ট্রি। প্রতিটি বিষয়ে দুটি করে আসন সংরক্ষিত থাকবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে NEET-PG 2026-এর অনলাইন কাউন্সেলিংয়ের মাধ্যমে এই আসনগুলিতে ভর্তি নেওয়া হবে। দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ে যোগ্য প্রার্থীরা এই কোর্সগুলিকে পছন্দের তালিকায় রাখতে পারবেন।

এই উদ্যোগের অন্যতম বিশেষত্ব হল, প্রচলিত চিকিৎসা শিক্ষার পাশাপাশি প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রেও পড়ুয়াদের বিশেষভাবে প্রশিক্ষিত করার পরিকল্পনা রয়েছে আইআইটি কর্তৃপক্ষের। বর্তমানে রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা পদ্ধতির উন্নতি- বিভিন্ন ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার ক্রমশ বাড়ছে। ৭৫ বছরের ইতিহাসে খড়গপুর আইআইটি এবার শিক্ষাক্ষেত্রে এক নতুন মাইলফলক স্থাপন করল।