ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর ২০২৬: দুর্ঘটনায় গর্ভস্থ শিশুর মৃত্যু হলে তাকেও পূর্ণাঙ্গ সন্তান হিসেবে গণ্য করতে হবে এবং তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। এমনই যুগান্তকারী পর্যবেক্ষণ পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের। ২৯ বছর পর এক মামলার শুনানিতে এই রায় ঘোষণা করে আদালত।
১৯৯৭ সালে এক মর্মান্তিক দুর্ঘটনায় এক দম্পতির ২৮ সপ্তাহের গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়। অভিযোগ, এক স্কুটার চালকের বেপরোয়া গতিই এই দুর্ঘটনার কারণ। ঘটনাচক্রে, ওই দম্পতি চণ্ডীগড়ের PGIMER থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। অবরোধের কারণে মহিলা গাড়ি থেকে নেমে রাস্তা দেখতে গেলে পিছন থেকে আসা একটি স্কুটার তাঁকে ধাক্কা মারে। এর ফলেই গর্ভে থাকা শিশুর মৃত্যু হয়। মোটর অ্যাক্সিডেন্ট ক্লেইমস ট্রাইব্যুনাল প্রথমে এই ক্ষতিপূরণের দাবি খারিজ করে দিয়েছিল। কিন্তু হাইকোর্ট সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দম্পতির আবেদন গ্রহণ করে। কেরল হাইকোর্টের একটি পূর্ববর্তী রায়ের উল্লেখ করে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট জানায়, গর্ভাবস্থার ছয় মাস পেরোলেই ভ্রূণকে জীবিত শিশু হিসেবে বিবেচনা করা উচিত। তাই এই ক্ষেত্রে ক্ষতিপূরণ দিতে ট্রাইব্যুনাল কেন দ্বিধা করেছিল, তা নিয়ে প্রশ্ন তোলে আদালত।
অবশেষে, আদালত ওই মৃত শিশুর জন্য ২ লক্ষ ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। এই ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারণে ১৯৯৭ সালের শ্রমিকের ন্যূনতম মজুরি এবং ভবিষ্যতের সম্ভাব্য আয়কেও বিবেচনা করা হয়েছে। এই রায় নিঃসন্দেহে অনেক পরিবারকে ন্যায়বিচার পেতে সাহায্য করবে।









