ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর ২০২৬: ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে ফের অস্বস্তির ছায়া। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুই দেশের পঞ্চম কনসুলার বৈঠক, কিন্তু শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে। কবে এই বৈঠক হবে, তা এখনও স্পষ্ট নয়। কূটনৈতিক মহলের একাংশের মতে, এই স্থগিতাদেশের পেছনে একাধিক কারণ রয়েছে, যার মধ্যে অন্যতম বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের প্রত্যর্পণের দাবি।
বাংলাদেশ সরকার বারবার শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবি জানালেও ভারত এখনও এই বিষয়ে কোনও স্পষ্ট অবস্থান নেয়নি। ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, প্রত্যর্পণের বিষয়টি আইন ও ন্যায়বিচার এবং বিদ্যমান আইনি পর্যালোচনার ওপর নির্ভরশীল। এছাড়াও, সীমান্ত সমস্যা, অনুপ্রবেশ, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবর্তন এবং ভিসা পরিষেবা নিয়েও দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হওয়ার কথা ছিল বাংলাদেশের মৎস্যজীবীদের আটক ও প্রত্যাবর্তন এবং আইনি সহযোগিতার বিষয়গুলিও। অন্যদিকে, ১৯৯৬ সালের গঙ্গার জলবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার মুখে। নতুন চুক্তি এবং তিস্তার জলবণ্টন ইস্যুও দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সব মিলিয়ে, কূটনৈতিক স্তরে আলোচনা পিছিয়ে যাওয়ায় ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ গতিপ্রকৃতি নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। এই পরিস্থিতি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে আরও জটিলতা বাড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।









