ব্যবহারকারীর ব্যক্তিগত ছবিতে নজরদারির অভিযোগ! Meta-কে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা ইতালির

ইতালির ডেটা প্রোটেকশন অথরিটি মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা করেছে। অনুমতি ছাড়া ২০ মিলিয়ন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ছবি ব্যবহারের অভিযোগ।

Share:

ব্যুরো নিউজ, ১৫ নভেম্বর ২০২৬: ব্যবহারকারীর ব্যক্তিগত ছবির গোপনীয়তা নিয়ে বড়সড় আইনি ধাক্কা খেল মার্ক জাকারবার্গের সংস্থা Meta! Android ব্যবহারকারীদের অজান্তে তাঁদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও ব্যবহারের অভিযোগে সংস্থাটিকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা করল ইতালির তথ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা। ভারতীয় মুদ্রায় এই জরিমানার পরিমাণ প্রায় ৮,০০০ কোটি টাকা।

ইতালির Data Protection Authority-র দাবি, Facebook অ্যাপের একটি বিশেষ ফিচারের মাধ্যমে প্রায় ২ কোটি স্মার্টফোন ব্যবহারকারীর ব্যক্তিগত ছবি ও ভিডিওতে প্রবেশাধিকার পেয়েছিল Meta। ফোনের গ্যালারিতে থাকা ছবি ব্যবহার করে Facebook-এ পোস্ট করার পরামর্শ দিত এই ফিচার। কিন্তু এই ব্যবস্থার জন্য ঠিক কী ধরনের অনুমতি নেওয়া হচ্ছে, তা ব্যবহারকারীদের স্পষ্টভাবে জানানো হয়নি বলে অভিযোগ।

নিয়ন্ত্রক সংস্থা Meta-কে ৬০ দিনের সময়সীমা দিয়েছে। এই সময়ের মধ্যে ফিচারটি ডিফল্টভাবে বন্ধ করতে হবে এবং ব্যবহারকারীদের কাছ থেকে আলাদাভাবে সম্মতি নিতে হবে।

তবে জরিমানার সিদ্ধান্ত মানতে নারাজ Meta। সংস্থার দাবি, ফিচারটি ব্যবহারকারীদের ছবি ও ভিডিও পোস্ট করার সুবিধা দেয় এবং ফোনের অনুমতি ছাড়া এটি কাজ করতে পারে না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আপিল করার কথাও জানিয়েছে তারা।

উল্লেখ্য, Facebook ছাড়াও Instagram ও WhatsApp-এর মালিক Meta। ফলে এই জরিমানা বিশ্বজুড়ে প্রযুক্তি সংস্থাগুলির তথ্য সুরক্ষা ও ব্যবহারকারীর গোপনীয়তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।