নিজের পুরনো ডেরায় আবেগঘন পোপ লিও! আন্দিজের গ্রাম থেকে উদ্বাস্তু ও দারিদ্র্যপীড়িতদের জন্য বড় বার্তা

পেরুর প্রত্যন্ত আন্দিজ গ্রামে পোপ লিও চতুর্দশ। অভিবাসন, দারিদ্র্য ও সম্পদের অসম বণ্টন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সম্প্রদায়গুলি বিপদের মুখে।

Share:

ব্যুরো নিউজ, ১৫ নভেম্বর ২০২৬: পাহাড়ঘেরা প্রত্যন্ত গ্রামে ফিরতেই আবেগে ভাসলেন পোপ লিও চতুর্দশ! পেরুর উত্তরাঞ্চলের আন্দিজ পর্বতমালার দুর্গম গ্রাম সান্তা ক্রুজ দে সুচাবাম্বায় পৌঁছে উদ্বাস্তু, দারিদ্র্য এবং জনসংখ্যা হ্রাসের মতো একাধিক সামাজিক সমস্যা নিয়ে সরব হলেন ক্যাথলিক চার্চের প্রধান। তাঁর বক্তব্য, উন্নত ভবিষ্যতের আশায় যাঁরা নিজেদের জন্মভূমি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন, তাঁদের যন্ত্রণা গোটা সম্প্রদায়ের অস্তিত্বকেই বিপন্ন করছে।

গ্রামটির জনসংখ্যা মাত্র ৬ হাজার হলেও পোপকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন প্রায় ২০ হাজার মানুষ। খোলা আকাশের নীচে আয়োজিত প্রার্থনাসভায় তিনি বলেন, জন্মহার কমে যাওয়ায় একের পর এক গ্রাম জনশূন্য হয়ে পড়ছে। পাশাপাশি প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদের অসম বণ্টনও মানুষের দুর্দশা বাড়াচ্ছে।

উল্লেখ্য, পেরুর কাজামার্কা অঞ্চলের ৪০ শতাংশেরও বেশি মানুষ দারিদ্র্যসীমার নীচে বসবাস করেন। এই অঞ্চল থেকেই অভ্যন্তরীণ অভিবাসনের হার সবচেয়ে বেশি। প্রায় ৭ লক্ষ ২৯ হাজার মানুষ কাজামার্কায় জন্মালেও বর্তমানে পেরুর অন্যত্র বসবাস করছেন।

একসময় চিকলায়ো ধর্মপ্রদেশের বিশপ হিসেবে ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন পোপ লিও। তাই এই সফর তাঁর কাছে বিশেষ আবেগের। স্থানীয় মানুষের সঙ্গে পুনর্মিলনে আনন্দ প্রকাশ করে তিনি সবাইকে কঠিন পরিস্থিতিতেও আশা না হারানোর বার্তা দিয়েছেন।