ব্যুরো নিউজ, ১৫ নভেম্বর ২০২৬: দিনের পর দিন বিরক্তিকর স্প্যাম কল, ভুয়ো বিনিয়োগের প্রলোভন আর প্রতারণামূলক মেসেজ! এবার এই উপদ্রব বন্ধ করতে আরও কড়া পদক্ষেপ নিল টেলিকম নিয়ন্ত্রক সংস্থা TRAI। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর—মাত্র তিন মাসে নিয়ম লঙ্ঘনের অভিযোগে ১.২৪ লক্ষেরও বেশি টেলিকম সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি, ৩৭৪টি সংস্থা ও প্রেরককে এক বছরের জন্য কালো তালিকাভুক্ত করা হয়েছে।
TRAI-এর প্রকাশিত ত্রৈমাসিক রিপোর্ট অনুযায়ী, প্রথমবার নিয়ম ভাঙার জন্য ১ লক্ষ ১০ হাজার ৩২৫টি টেলিকম সংযোগের আউটগোয়িং পরিষেবা ১৫ দিনের জন্য বন্ধ করা হয়েছে। বারবার নিয়ম লঙ্ঘনের কারণে ১৩ হাজার ৭৭৭টি সংযোগ এক বছরের জন্য বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া ৩,৭২৫টি SMS হেডারও ব্লক করা হয়েছে।
এই তিন মাসে স্প্যাম কল ও মেসেজের বিরুদ্ধে TRAI-এর কাছে মোট ১৫.২৯ লক্ষ অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৭.২৩ লক্ষ অভিযোগকে ব্যবস্থা নেওয়ার উপযুক্ত বলে চিহ্নিত করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয়, অভিযোগ জানানোর ক্ষেত্রে TRAI-এর DND অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। মোট অভিযোগের ৯২.৯ শতাংশই এসেছে এই অ্যাপের মাধ্যমে।
আরও বড় পদক্ষেপ হিসেবে টেলিকম সংস্থাগুলির AI-ভিত্তিক প্রযুক্তি প্রায় ১৯.৯ বিলিয়ন সন্দেহজনক কল ও মেসেজ শনাক্ত করেছে। এর মধ্যে ১৮.২৮ বিলিয়ন কল এবং ১.৬২ বিলিয়ন SMS রয়েছে।
সব মিলিয়ে, স্প্যাম ও টেলিকম প্রতারণার বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর নজরদারি আরও জোরদার করছে TRAI। সাধারণ মোবাইল ব্যবহারকারীদের স্বস্তি দিতেই এই অভিযান।









