মিসিসিপি নদীতে ভয়াবহ জাহাজ সংঘর্ষ! ১০ লক্ষ ডলারের ক্ষতিপূরণ চেয়ে আদালতে নিউ অরলিন্স বন্দর

নিউ অরলিন্স বন্দরে ট্যাঙ্কার-ক্রুজ জাহাজের সংঘর্ষে ১ মিলিয়ন ডলারের মামলা। ১০০ জনের বেশি যাত্রী উদ্ধার, ৩২ জন আহত। ট্যাঙ্কার সংস্থার বিরুদ্ধে অবহেলার অভিযোগ।

Share:

ব্যুরো নিউজ, ১৫ নভেম্বর ২০২৬: মিসিসিপি নদীতে যাত্রীবাহী প্রমোদতরীর সঙ্গে পণ্যবাহী ট্যাঙ্কারের ভয়াবহ সংঘর্ষ! দুর্ঘটনায় উল্টে গিয়ে আংশিকভাবে নদীতে ডুবে যায় আমেরিকান হেরিটেজ (American Heritage) নামের প্যাডল-হুইল ক্রুজ জাহাজ। প্রাণহানির ঘটনা না ঘটলেও আহত হয়েছেন ৩২ জন। এই ঘটনাকে ‘মিসিসিপির অলৌকিক ঘটনা’ বলে উল্লেখ করেছেন উদ্ধারকর্মীরা। এবার দুর্ঘটনার ক্ষতিপূরণ আদায়ে ট্যাঙ্কারের মালিক ও পরিচালনাকারী সংস্থার বিরুদ্ধে মামলা করল নিউ অরলিন্স বন্দর কর্তৃপক্ষ।

আদালতে দায়ের করা মামলায় ১০ লক্ষ ডলারেরও বেশি ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। বন্দরের অভিযোগ, শুক্রবার আটলান্টিক অ্যাসফাল্ট (Atlantic Asphalt) নামের পণ্যবাহী ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে বন্দরে দাঁড়িয়ে থাকা প্রমোদতরীকে ধাক্কা দেয়। এতে জাহাজটির পাশাপাশি বন্দরের টার্মিনালও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার সময় American Heritage-এ প্রায় ১২৯ জন যাত্রী এবং বেশ কয়েকজন কর্মী ছিলেন। তাঁদের মধ্যে শতাধিক মানুষকে দ্রুত উদ্ধার করা হয়। ৩২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁদের আঘাত গুরুতর নয়। কারও নিখোঁজ হওয়ার খবরও পাওয়া যায়নি।

মার্কিন কোস্ট গার্ডের ক্যাপ্টেন মেলানি বার্নহ্যামের প্রাথমিক ধারণা, ট্যাঙ্কারটির স্টিয়ারিং ব্যবস্থায় কোনও সমস্যা হয়েছিল। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও তদন্তাধীন।

মামলায় ট্যাঙ্কারটির মালিক Nave Shipping SA এবং পরিচালনাকারী সংস্থা Thome Ship Management-কে অভিযুক্ত করা হয়েছে। ক্ষতিপূরণ আদায়ের জন্য ট্যাঙ্কারটি বাজেয়াপ্ত করে বিক্রির আবেদনও জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।