ব্যুরো নিউজ, ২১ নভেম্বর ২০২৬: কে পপ দুনিয়ায় ফের নতুন চমক জিরোবেসওয়ান-এর। আগামী বছরের শুরুতেই নতুন অ্যালবাম নিয়ে হাজির হতে চলেছে জনপ্রিয় এই দক্ষিণ কোরীয় ব্যান্ড। ২০২৬ সালের মামা আওয়ার্ডস-এর মঞ্চে দাঁড়িয়েই নিজেদের পরবর্তী অ্যালবাম প্রকাশের দিন ঘোষণা করল দলের সদস্যরা। আগামী ১৮ জানুয়ারি, ২০২৭-এ মুক্তি পেতে চলেছে তাদের নতুন অ্যালবাম। এই ঘোষণায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে।
২১ নভেম্বর আয়োজিত ২০২৬ মামা আওয়ার্ডস – চ্যাপ্টার ২-এর অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে নতুন অ্যালবামের মুক্তির তারিখ সামনে আনে জিরোবেসওয়ান। যদিও নতুন অ্যালবামের নাম, গানের তালিকা কিংবা বিশেষ ভাবনা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবুও আগামী বছরের শুরুতেই নতুন সংগীত নিয়ে দলটির প্রত্যাবর্তনের খবরে আশায় বুক বাঁধছেন অনুরাগীরা মামা আবর্ডস-এ পুরস্কার জয়, অনুরাগীদের কৃতজ্ঞতা জানাল দল
এদিনের অনুষ্ঠান জিরোবেসওয়ান-এর জন্য আরও বিশেষ হয়ে ওঠে ‘Worldwide KCONers’ Choice পুরস্কার জয়ের কারণে। সম্মান পাওয়ার পর দলের সদস্যরা জানান, অনুরাগীদের ভালোবাসা ও সমর্থন ছাড়া এই পুরস্কার পাওয়া সম্ভব হত না। একই সঙ্গে দলের সঙ্গে যুক্ত সমস্ত কর্মী ও সহযোগীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
আগামী বছর আরও সক্রিয় থাকার বার্তা
পুরস্কার পাওয়ার পর আগামী বছরের পরিকল্পনা সম্পর্কেও মুখ খুলেছেন জিরোবেসওয়ান-এর সদস্যরা। তাঁরা জানান, আগামী বছর অনুরাগীদের সঙ্গে আরও বেশি করে যোগাযোগ ও দেখা করার লক্ষ্যে নতুন অ্যালবামের প্রস্তুতি চলছে। আগামী বছরও জিরোবেসওয়ান-এর পাশে থাকার জন্য অনুরাগীদের আবেদন জানিয়েছেন তাঁরা। আরও ভালো শিল্পী হয়ে ওঠার জন্য নিজেদের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন দলের সদস্যরা।
নতুন অ্যালবামের মুক্তির তারিখ সামনে আসতেই জিরোবেসওয়ান-এর আগামী সংগীতযাত্রা নিয়ে কৌতূহল বাড়ছে। ১৮ জানুয়ারি ২০২৭-এ কী নতুন চমক নিয়ে হাজির হয় দলটি, এখন সেই অপেক্ষাতেই রয়েছেন অনুরাগীরা।









