বারুইপুরে যাত্রী নিরাপত্তা ও আসন দখল রুখতে জিআরপি-আরপিএফের যৌথ অভিযান

বারুইপুর স্টেশনে জিআরপি ও আরপিএফের যৌথ অভিযানে যাত্রীদের আসন দখল, গেটের সামনে ভিড় এবং মূল্যবান জিনিসপত্রের নিরাপত্তা নিয়ে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতেও চলবে নজরদারি।
Feature image

Share:

ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর ২০২৬: বারুইপুর স্টেশন চত্বরে লোকাল ট্রেনে যাত্রীদের সমস্যা ও নিরাপত্তা নিয়ে যৌথ সচেতনতামূলক অভিযান চালাল জিআরপি ও আরপিএফ। ট্রেনের দরজার সামনে ভিড়, ওঠানামার পথে বাধা এবং ব্যাগ রেখে আসন আটকে রাখার ঘটনা ঠেকানোই ছিল অভিযানের লক্ষ্য। আধিকারিক ও কর্মীরা এক কামরা থেকে অন্য কামরায় যান। মাইকে যাত্রীদের সতর্ক করার পাশাপাশি তাঁদের সঙ্গে কথাও বলেন।

দরজার সামনে অযথা ভিড় না করতে এবং ব্যাগ বা অন্য জিনিস রেখে আসন দখল না করার অনুরোধ জানানো হয়। অনেক সময় কয়েকটি আসন ব্যাগ দিয়ে আটকে রাখা হয়, ফলে অন্য যাত্রীরা বসার জায়গা পান না। অফিস টাইমে এই সমস্যা বাড়ে। বিশেষ করে বয়স্ক, মহিলা ও অসুস্থ যাত্রীদের অসুবিধা হয়। গেটের সামনে ভিড় থাকলে স্টেশনে ওঠানামা করাও কঠিন হয়ে পড়ে। তাড়াহুড়োর মধ্যে দুর্ঘটনার আশঙ্কা থাকে বলে সতর্ক করেন আধিকারিকরা।

ট্রেনে যাতায়াতের সময় মোবাইল ফোন, ব্যাগ ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র সামলে রাখার পরামর্শ দিয়েছেন তাঁরা। ভিড়ের সুযোগে মোবাইল, পার্স বা ব্যাগ চুরি হতে পারে বলে যাত্রীদের সতর্ক করা হয়। অপরিচিত ব্যক্তির হাতে জিনিসপত্র না দিতে বলা হয়েছে। ব্যাগ সামনে রাখা, মোবাইল নিরাপদ জায়গায় রাখা এবং ঘুমিয়ে পড়লেও জিনিসপত্রের দিকে খেয়াল রাখার কথা মনে করিয়ে দেন আধিকারিকরা।

এক নিত্যযাত্রী জানান, প্রতিদিন অফিস যাওয়ার সময় গেটের সামনে ভিড় থাকায় নামতে সমস্যা হয়। ব্যাগ দিয়ে আসন আটকে রাখাও রোজকার ঘটনা। পুলিশ এভাবে ট্রেনে নামলে ভালো হয় বলেও তিনি জানান। জিআরপি ও আরপিএফের বক্তব্য, যাত্রীদের নিরাপত্তা, সুষ্ঠু যাতায়াত ও শৃঙ্খলা বজায় রাখতেই এই উদ্যোগ। আগামী দিনেও অভিযান চলবে। নিয়ম না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সমস্যায় পড়লে জিআরপি বা আরপিএফকে জানাতে বলা হয়েছে।