ব্যুরো নিউজ ২৯ নভেম্বর ২০২৬ : বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের পর স্পিকারের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি জানান, এখনও পর্যন্ত স্পিকারের তরফে তাঁদের কাছে কোনও বার্তা আসেনি। শনি ও রবিবার ছুটির দিন হওয়ায় আপাতত অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি।
তাঁর দাবি, অরূপ রায়ের নেতৃত্বে বিধানসভায় বিরোধীদের মধ্যে তাঁদের সংখ্যাই বেশি। শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতকে স্বীকৃতি দেওয়ার স্পিকারের সিদ্ধান্ত খারিজ করে। আগামী ১০ দিনের মধ্যে নতুন করে সিদ্ধান্ত নিতে স্পিকারকে নির্দেশ দিয়েছে আদালত। গত ৩ জুন স্পিকার রথীন্দ্র বসু ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন।
সেই সিদ্ধান্ত বাতিল হওয়ায় আগামী ১০ দিন পদটি খালি থাকবে। বিরোধী দলের মুখ্যসচেতক হিসেবে আখরুজ্জামানকে নির্বাচনের সিদ্ধান্তও খারিজ করেছে হাইকোর্ট। এদিকে, লোকসভায় ডিলিমিটেশন বিল পাশের বিষয়েও নিজের অবস্থান জানিয়েছেন ঋতব্রত। তাঁর দাবি, তাঁদের সাংসদ না থাকলেও বিধায়ক রয়েছেন এবং তাঁরা কেন্দ্রের প্রস্তাবিত বিলের পক্ষে। একটি লোকসভা কেন্দ্রে ১৯ থেকে ২২ লক্ষ ভোটার থাকা ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, ৭ থেকে ৯ লক্ষ ভোটার থাকলে ভালো হয়।
আসন পুনর্বিন্যাসের মাধ্যমে বিকেন্দ্রীকরণ হলে সাধারণ মানুষ আরও ভালো পরিষেবা পাবেন। ঋতব্রতর দাবি, রাজ্যে ৬৩ জন সাংসদ ও ৪৪১টি বিধানসভা কেন্দ্র হবে। ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের সঙ্গে ইন্ডি জোটের বৈঠক নিয়েও কটাক্ষ করেন ঋতব্রত। তৃণমূল কংগ্রেসের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তাঁর বক্তব্য, দলের অস্তিত্ব নিয়েই বিতর্ক রয়েছে, অথচ তারা হুইপ জারি করছে। চার্টার্ড বিমানে যাতায়াত এবং চেন্নাই সফর নিয়েও ঋতব্রত ও আখরুজ্জামান কটাক্ষ করেছেন।









