ব্যুরো নিউজ, ২৫ মে ২০২৬ঃ ভারতীয় পর্যটকদের জন্য দারুণ সুখবর! এবার থেকে ভিসা ছাড়াই শ্রীলঙ্কা ভ্রমণের সুযোগ মিলবে। শ্রীলঙ্কা সরকার ভারত সহ মোট ৪০টি দেশের নাগরিকদের জন্য ৩০ দিনের বিনামূল্যে ইলেকট্রিক ট্রাভেল অথোরাইজেশন (ETA) চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ২৫শে মে, ২০২৬ থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। এর ফলে ভারতীয় পর্যটকদের আর প্রায় ১৬০০ টাকা খরচ করে ৩০ দিনের ডাবল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা নিতে হবে না। অন্যান্য দেশের নাগরিকদের জন্য ৫০ মার্কিন ডলারের ফিও সম্পূর্ণ মকুব করা হয়েছে।
শ্রীলঙ্কার পর্যটন মন্ত্রক জানিয়েছে, এই পদক্ষেপের ফলে পর্যটকদের ভ্রমণের খরচ যেমন কমবে, তেমনই আইনি জটিলতাও দূর হবে। ভারত ছাড়াও নেপাল, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, চিন, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ মোট ৩৯টি দেশ এই সুবিধার আওতায় এসেছে। তবে এই বিনামূল্যে ভিসা পলিসির সঙ্গে কিছু নিয়মও জারি করা হয়েছে। যোগ্য দেশগুলির পর্যটকরা ৩০ দিনের জন্য এই ভিসা পাবেন এবং এই সময়ের মধ্যে সর্বোচ্চ দু’বার শ্রীলঙ্কায় প্রবেশ করতে পারবেন। যদি ৩০ দিনের বেশি থাকার প্রয়োজন হয়, তবে প্রযোজ্য ফি দিয়ে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করা যাবে।
হেলনি পাসপোর্ট ইনডেক্স ২০২৬ অনুযায়ী, এই সিদ্ধান্তের ফলে ভারতীয় পাসপোর্টধারীদের জন্য শ্রীলঙ্কা ভ্রমণ প্রক্রিয়া অনেকটাই সহজ হয়েছে। এখন বাড়িতে বসেই অনলাইনে বিনামূল্যে ইটিএ করানো যাবে, যা বিমানবন্দরে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলা কমাবে।








