বিতর্কিত ওসি গৌতম দাস এবার নবান্নে, মুখ্যমন্ত্রীর দপ্তরে পেলেন নতুন দায়িত্ব

বন্দুক-পোজ বিতর্কের জেরে সাসপেন্ড হওয়া কালীঘাট থানার প্রাক্তন ওসি গৌতম দাস এবার নবান্নে মুখ্যমন্ত্রীর দপ্তরের দায়িত্ব পেলেন। জেনে নিন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ, ২৭ মে ২০২৬ঃ বিতর্কিত বন্দুক-পোজ কাণ্ডের জেরে সাসপেন্ড হওয়া কালীঘাট থানার প্রাক্তন ওসি গৌতম দাসকে এবার নবান্নে মুখ্যমন্ত্রীর দপ্তরের দায়িত্ব দেওয়া হল। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তিনি এই নির্দিষ্ট দায়িত্ব সামলাবেন বলে জানা গিয়েছে। কলকাতা পুলিশের সাউথ ডিভিশনে কর্মরত ইনস্পেক্টর গৌতম দাসের এই নতুন পদপ্রাপ্তি রাজ্য রাজনীতিতে ফের আলোচনার জন্ম দিয়েছে।

গত ২ মে ইনস্পেক্টর গৌতম দাসকে কালীঘাট থানার ওসি পদ থেকে সাসপেন্ড করা হয়েছিল। তাঁর একটি বিতর্কিত ছবি সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পরেই এই পদক্ষেপ নেওয়া হয়। ওই ছবিতে গৌতম দাসকে তাঁর চেয়ারে ইউনিফর্ম পরে হাতে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে পোজ দিতে দেখা যায়। এই ঘটনা ব্যাপক শোরগোল ফেলে দেয়। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এই বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে অভিযোগ জানান।

লালবাজার সূত্রে খবর, বন্দুক-কাণ্ডের জেরেই গৌতম দাসকে সাসপেন্ড করা হয়েছিল, যদিও আনুষ্ঠানিক ভাবে কারণ জানানো হয়নি। গৌতম দাসকে সরানোর পর কালীঘাট থানার ওসি পদে প্রথমে উল্টোডাঙা মহিলা থানার ওসি চামেলি মুখোপাধ্যায়কে আনা হলেও কয়েক ঘণ্টার মধ্যেই সেই সিদ্ধান্ত বাতিল হয়। পরে ভাঙড়ের পোলেরহাট থানা থেকে বলাই বাগকে কালীঘাটের ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এই পরিস্থিতিতে গৌতম দাসের নবান্নে বদলি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।