দেশি ব্যাটম্যান ট্রেন্ডে ভাইরাল অনু মালিকের পুরনো গান

‘দেশি ব্যাটম্যান’ ভিডিয়োয় ‘সাজন সাজন তেরি দুলহন’-এর রিমিক্স ভাইরাল। গানটির জনপ্রিয়তা, মূল স্রষ্টাদের স্বীকৃতি এবং অনু মালিকের প্রতিক্রিয়া-সহ বিস্তারিত পড়ুন।
Feature image

Share:

ব্যুরো নিউজ, ২৭ নভেম্বর ২০২৬:  ১৯৯৯ সালের আরজু ছবির জনপ্রিয় গান সাজন সাজন তেরি দুলহন নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেশি ব্যাটম্যান ট্রেন্ডের ভিডিয়োতে ব্যবহার করা হচ্ছে গানটির রিমিক্স। অলকা ইয়াগনিকের গাওয়া গানটির সুর করেছিলেন অনু মালিক। প্রায় তিন দশক পর নতুন প্রজন্মের কাছে গানটির এই জনপ্রিয়তায় খুশি তিনি। তবে রিমিক্স তৈরির আগে তাঁর সঙ্গে কেউ যোগাযোগ করেননি, সেই আক্ষেপও জানিয়েছেন।

সম্প্রতি ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অনু মালিক বলেন, গানটি প্রথমে ধীরে ধীরে জনপ্রিয় হয়েছিল। পরে তা রীতিমতো ঢেউ তোলে। ভাইরাল হওয়ার পর অনেকেই তাঁকে ফোন করে জানতে চাইছেন, গানটি কীভাবে তৈরি হয়েছিল। তাঁর মতে, পুরনো গানের জনপ্রিয়তার মূল কারণ সুর। প্রযুক্তির নানা ব্যবহার থাকলেও শ্রোতারা শেষ পর্যন্ত মেলোডিই গুনগুন করেন। নতুন করে জনপ্রিয় হওয়া গানের মূল স্রষ্টাদের স্বীকৃতি দেওয়াও জরুরি বলে মনে করেন তিনি।

চলচ্চিত্র নির্মাতা ও এআই কনটেন্ট ক্রিয়েটর সুজল জয়সওয়ারের তৈরি ভিডিয়ো সিরিজের নাম দেশি ব্যাটম্যান। সেখানে রবার্ট প্যাটিনসনের ব্যাটম্যানকে দেখা যায় গ্রামের রাস্তা, রেললাইনের ধারে কিংবা চায়ের দোকানের মতো পরিচিত দেশি পরিবেশে। একটি ভিডিয়োতে জোকারের মোকাবিলা করতে ব্যাটমোবাইল ছেড়ে মহিষের পিঠে চড়ে বসে সে। এই মজার দৃশ্যের সঙ্গে পুরনো বলিউড গানের রিমিক্স জুড়তেই ভিডিয়োটি ইনস্টাগ্রামে জনপ্রিয় হয়।

অনু মালিক জানান, ডিং ডং, সোলজার সোলজার এবং নাইয়ো নাইয়োর মতো তাঁর আরও কিছু গান এখন নাচের ভিডিয়োতে ব্যবহার হচ্ছে। চিন, কোরিয়া, ব্রিটেন, আমেরিকা ও রাশিয়ার শ্রোতারাও গানগুলি শুনছেন। তাঁর তৈরি সুর বিশ্বের নানা প্রান্তের মানুষের কাছে পৌঁছচ্ছে, আর তাতেই আনন্দিত তিনি।