ব্যুরো নিউজ, ২৭শে নভেম্বর ২০২৬ : বিতর্কের আগুনে যেন জল ঢালতে চাইলেন কনটেন্ট ক্রিয়েটর বংস্টার সন্দীপ। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে তৈরি করা সমস্ত ভিডিয়ো সোশাল মিডিয়া থেকে মুছে ফেলে প্রকাশ্যে হাতজোড় করে ক্ষমা চাইলেন তিনি। নিজের ইউটিউব চ্যানেল ‘বংস্টার সন্দীপ’-এ পোস্ট করা এক আবেগঘন ভিডিয়োতে স্পষ্ট জানিয়ে দিলেন, অভিনেত্রীকে আঘাত করার কোনও উদ্দেশ্যই তাঁর ছিল না। আর ভবিষ্যতে ঋতুপর্ণাকে নিয়ে কোনও ভিডিয়ো বানাবেন না, কোনও মন্তব্যও করবেন না।
ভিডিওতে সন্দীপকে অনুতপ্ত দেখা গেল। তিনি জানান, ‘বংস্টার সন্দীপ অফিশিয়াল’ ও ‘সন্দীপ এন্টারটেইনার’ নামে তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইল আছে। সেখানে তিনি মজার ভিডিও, সামাজিক বিষয়, ড্রামা ও দৈনন্দিন জীবনের গল্প নিয়ে কনটেন্ট বানান। সেই ধারাবাহিকতায় কিছুদিন আগে জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণাকে নিয়ে কয়েকটি ভিডিও করেছিলেন। তবে সেগুলো অভিনেত্রীকে এতটা আঘাত দেবে, তা তিনি ভাবতে পারেননি।
সন্দীপের কথায়, “ঋতুপর্ণাকে কষ্ট দেওয়ার ইচ্ছে আমার একটুও ছিল না। অজান্তে যদি তাঁর মনে আঘাত দিয়ে থাকি, তার জন্য হাতজোড় করে ক্ষমা চাইছি।” তিনি আরও দাবি করেন, গত এক মাসেরও বেশি সময় ধরে ঋতুপর্ণাকে নিয়ে নতুন কোনও ভিডিয়ো বা মন্তব্য করেননি। আগে অভিনেত্রীর কিছু মন্তব্য দেখে তাঁর মনে হয়েছিল, তিনি বিষয়টি সহজভাবে নিয়েছেন। কিন্তু পরে বুঝেছেন, তাঁর সেই ধারণা সম্পূর্ণ ভুল ছিল।
শুধু ক্ষমা চেয়েই থামেননি সন্দীপ। ঋতুপর্ণা যে ভিডিয়োগুলোর কথা উল্লেখ করেছিলেন, সেগুলি ছাড়াও অভিনেত্রীকে নিয়ে তৈরি বাকি সমস্ত ভিডিয়োও নিজের উদ্যোগে মুছে দিয়েছেন বলে জানান তিনি। তাঁর বক্তব্য, “সোশাল মিডিয়াতেই বিষয়টি সামনে এসেছে, তাই সেখানেই প্রকাশ্যে ক্ষমা চাইছি।”
সবচেয়ে বড় চমকটা দিলেন ভিডিয়োর শেষে। সন্দীপ বলেন, ঋতুপর্ণা চাইলে তাঁকে ডাকতে পারেন। এমনকি সবার সামনে ঋতুপর্ণার পায়ে ধরেও ক্ষমা চাইতে রাজি তিনি। ভবিষ্যতে অভিনেত্রীকে নিয়ে কোনও কনটেন্ট করবেন না বলে ফের আশ্বাস দেন এই কনটেন্ট ক্রিয়েটর।









