ব্যুরো নিউজ, ২৭শে নভেম্বর ২০২৬ : জ্বর, সর্দি, কাশি বা পেটের সমস্যায় অনেক সময় আমরা দেরি না করে শিশুদের বড়দের ওষুধ খাইয়ে দিই। কিন্তু চিকিৎসকদের মতে, এটি অত্যন্ত বিপজ্জনক। শিশুর শরীর বড়দের ক্ষুদ্র সংস্করণ নয়; তাদের বয়স, ওজন ও শারীরিক গঠন ভিন্ন। তাই সঠিক মাপ না বুঝে ওষুধ দিলে উপকারের চেয়ে ক্ষতিই বেশি হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্সের নির্দেশানুসারে, শিশুদের ওষুধ দেওয়ার ক্ষেত্রে বয়স ও ওজন বিবেচনা করা জরুরি। সর্দি-কাশি বা জ্বরে অযথা অ্যান্টিবায়োটিক বা কাশির সিরাপ দেওয়া উচিত নয়। বেশিরভাগ সংক্রমণ ভাইরাসের কারণে হয়, যেখানে অ্যান্টিবায়োটিক অকার্যকর এবং শরীরের জন্য ক্ষতিকর।
অ্যাসপিরিন নিয়ে সতর্কতা জানানো হয়েছে। চিকিৎসক রণবীর ভৌমিকের মতে, ভাইরাল জ্বর, ফ্লু বা চিকেনপক্সে শিশুদের অ্যাসপিরিন দিলে মস্তিষ্ক ও লিভারের ক্ষতি হতে পারে। প্যারাসিটামলের ক্ষেত্রে সঠিক ডোজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অতিরিক্ত মাত্রা বিপজ্জনক। এছাড়া এফডিএ ও আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, ১২ বছরের কম বয়সীদের কাশি বা ব্যথানাশক ওষুধ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
শিশুরোগ বিশেষজ্ঞ প্রিয়ঙ্কর পাল আরেকটি উদ্বেগজনক তথ্য জানিয়েছেন। তাঁর মতে, কিছু কাশির সিরাপে ডাইইথিলিন গ্লাইকল (ডিইজি) ও ইথিলিন গ্লাইকল (ইজি) থাকতে পারে। এই রাসায়নিক শরীরে গেলে কিডনি বিকল হতে পারে, এমনকি লিভার ও হৃদযন্ত্রের ক্ষতিও হতে পারে। বমি বা অ্যালার্জির প্রোমেথাজিন-জাতীয় ওষুধও শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, ৬ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এগুলি মস্তিষ্ক ও ফুসফুসে প্রভাব ফেলতে পারে।
ওজন কমানোর ওষুধ (GLP-1 গোত্রের Ozempic, Wegovy বা Mounjaro) ব্যবহারের বড় ঝুঁকি রয়েছে। স্থূলতা বা ডায়াবেটিস থাকলেও চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুদের এগুলো দেওয়া বিপজ্জনক। একইভাবে, বড়দের অ্যান্টিবায়োটিক, বিশেষ করে টেট্রাসাইক্লিন গোত্রের ওষুধ শিশুদের দেওয়া উচিত নয়।









