বিয়ের কার্ড ভেবে ক্লিক করতেই উধাও ১০ লক্ষ টাকা! হোয়াট্সঅ্যাপে নতুন ফাঁদ

হোয়াট্‌সঅ্যাপে বিয়ের আমন্ত্রণের লিঙ্কে ক্লিক করে ১০ লক্ষ টাকা খোয়ালেন গুজরাতের এক যুবক। ঘটনায় উত্তরপ্রদেশের বিজনৌর থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে সুরত পুলিশ।

Share:

ব্যুরো নিউজ, ২৭শে নভেম্বর ২০২৬ : হোয়াট্সঅ্যাপে হঠাৎ একটা মিষ্টি বার্তা এল। লেখা, ‘এই বিয়েতে আপনার আমন্ত্রণ রইল। সপরিবার আসবেন।’ সঙ্গে একটা লিঙ্ক। বিয়ের কার্ড ভেবে আনন্দে লিঙ্কে ক্লিক করতেই যে এত বড় বিপদ অপেক্ষা করছে, তা স্বপ্নেও ভাবেননি গুজরাতের ওই যুবক।

চোখের নিমেষে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল পুরো ১০ লক্ষ টাকা! অচেনা নম্বর থেকে আসা ওই একটাই মেসেজেই ফাঁকা হয়ে গেল বছরের পর বছর ধরে জমানো টাকা।

যুবকের অভিযোগ, লিঙ্কটা খোলার পরই সাইবার অপরাধীরা তাঁর ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ফোনে ঢুকে ব্যাঙ্ক সংক্রান্ত সমস্ত গোপন তথ্য হাতিয়ে নেয় প্রতারকরা। তারপর সেই তথ্য ব্যবহার করেই একের পর এক লেনদেনে অ্যাকাউন্ট সাফ করে দেয় তারা। কখন, কীভাবে টাকা তুলে নেওয়া হল, কিছুই টের পাননি তিনি।

ঘটনার অভিযোগ পেয়েই নড়েচড়ে বসে সুরত পুলিশ। শুরু হয় ডিজিটাল তদন্ত। মোবাইল, লিঙ্ক, লেনদেনের তথ্য খতিয়ে দেখতে দেখতেই মেলে বড় সূত্র। তদন্তকারীরা এমন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান পান, যেখানে প্রতারণার টাকা জমা পড়েছিল।

প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, দেবেন্দ্র সাইবার প্রতারকদের জন্য ‘ভাড়া করা অ্যাকাউন্ট’ সরবরাহ করতেন। বিনিময়ে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দিতেন। প্রতারণার টাকা ঢুকলে ২০ শতাংশ নিজে রাখতেন, বাকি ৮০ শতাংশ অপরাধীদের কাছে পাঠিয়ে দিতেন। অর্থাৎ ১০ লক্ষ টাকায় ২ লক্ষ তাঁর, ৮ লক্ষ মূল চক্রের।

তবে কাদের হয়ে তিনি এই কাজ করতেন, তা এখনও অস্পষ্ট। এই নেটওয়ার্কে আর কারা জড়িত, জানতে দেবেন্দ্রকে জেরা করছেন তদন্তকারীরা। তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করে আর কোনও প্রতারণা হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের দাবি, গুজরাতের ওই যুবকের অ্যাকাউন্ট থেকে ১০ লক্ষ টাকা তোলার সূত্র ধরেই অভিযুক্তের হদিস মেলে। বিয়ের আমন্ত্রণের আড়ালে এমন সাইবার ফাঁদ ছিল, ভেবে এখনও আতঙ্কিত প্রতারিত যুবক।