ব্যুরো নিউজ, ২৯ মে ২০২৬ঃ নির্বাচন পরবর্তী হিংসা উসকানিমূলক মন্তব্যের অভিযোগে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আপাতত স্বস্তি পেলেন তিনি। কলকাতা হাইকোর্ট অভিনেতাকে চার সপ্তাহের জন্য রক্ষাকবচ দিয়েছে। এই সময়ের মধ্যে পুলিশ পরমব্রতর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না। শুক্রবার বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চ এই অন্তর্বর্তী নির্দেশ জারি করে।
তবে আদালত স্পষ্ট করেছে যে গড়িয়াহাট থানার তদন্ত প্রক্রিয়া চলবে এবং পরমব্রতকে এই তদন্তে সবরকমভাবে সহযোগিতা করতে হবে। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় এক উসকানিমূলক মন্তব্যের জেরে পরমব্রত চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন এক আইনজীবী। অভিযোগ ছিল, এক টুইট বার্তায় পরমব্রত এমন মন্তব্য করেছিলেন যা ভোট পরবর্তী হিংসায় ইন্ধন জুগিয়েছে। স্বস্তিকাও সেই মন্তব্যের উত্তরে সম্মতি জানিয়েছিলেন বলে অভিযোগ।
গত ২২ মে এই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে উভয়কেই থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়। স্বস্তিকা মুখোপাধ্যায় থানায় হাজিরা দিয়ে জিজ্ঞাসাবাদে সহযোগিতা করলেও পরমব্রত চট্টোপাধ্যায় হাজিরা দেননি। অবশেষে আদালতের এই নির্দেশে পরমব্রত আপাতত স্বস্তিতে।








