ব্যুরো নিউজ, ৩১ মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে। আগামী সোমবার, ১লা জুন, রাজ্যের ৩৫ জন মন্ত্রী শপথ গ্রহণ করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবিবার বিকেলে এক্স হ্যান্ডলে এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১১টায় লোকভবনে এক অনুষ্ঠানে মহামান্য রাজ্যপাল আর এন রবি নবনিযুক্ত মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন।
গত ৯ই মে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর তাঁর সঙ্গে আরও পাঁচজন মন্ত্রী শপথ নিয়েছিলেন। তাঁরা হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। এই সীমিত সংখ্যক মন্ত্রীই এতদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলাচ্ছিলেন। পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল দীর্ঘ দিন ধরেই। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য দিল্লি সফরে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। সেখানে মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে বিজেপি সূত্রে খবর।
কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সম্ভাব্য মন্ত্রীদের একটি তালিকাও পেশ করা হয়েছিল। এছাড়াও, গত বুধবার মুখ্যমন্ত্রী লোকভবনে রাজ্যপাল আরএন রবির সঙ্গে দেখা করে মন্ত্রিসভা গঠন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। বিজেপি সূত্রের খবর অনুযায়ী, এবারের মন্ত্রিসভা গঠনে আঞ্চলিক ভারসাম্য বজায় রাখার পাশাপাশি তরুণ মুখ এবং মহিলা প্রতিনিধিত্বকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্যের প্রতিটি অঞ্চলের এবং বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের যাতে মন্ত্রিসভায় স্থান হয়, সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে। এর মাধ্যমে সরকারে সর্বজনীন প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।








