ব্যুরো নিউজ, ৮ জুন ২০২৬ঃ সোনা পাপ্পু কাণ্ডের তদন্তে এবার নতুন মোড়। প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডেকে সোমবার কলকাতার সিজিও কমপ্লেক্সে অবস্থিত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইডি সূত্রে খবর, সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইস পরীক্ষা করতে গিয়ে বিভিন্ন চ্যাটে শ্রেয়া পাণ্ডের নাম উঠে এসেছে। সেই সূত্র ধরেই তাঁকে তলব করা হয়েছিল বলে তদন্তকারী সংস্থা দাবি করেছে।
যদিও শ্রেয়া পাণ্ডে সমাজমাধ্যমে জানিয়েছেন, সোমবারের জন্য তাঁর কাছে কোনও সমন ছিল না এবং তিনি স্বেচ্ছায় ইডি দফতরে গিয়েছেন। তিনি সোনা পাপ্পুকে ব্যক্তিগতভাবে চেনেন না বলেও দাবি করেছেন। এর আগে জারি হওয়া কোনও সমনও তিনি অমান্য করেননি বলে তাঁর বক্তব্য। তদন্তের সূত্রে কল্যাণ শুক্লা এবং ব্যবসায়ী জয় কামদারের নামও উঠে এসেছে। ইডি কল্যাণ শুক্লাকে জিজ্ঞাসাবাদ করেছে এবং তাঁর বাড়ি থেকে জমি জালিয়াতি সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে।
জয় কামদারের বাড়িতে কালীপুজোর অনুষ্ঠানে শ্রেয়া তিনবার গিয়েছিলেন বলে জানিয়েছেন, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। গত ফেব্রুয়ারিতে রবীন্দ্র সরোবর এলাকায় একটি বিবাদের ঘটনায় প্রথম আলোচনায় আসেন সোনা পাপ্পু। গত এপ্রিলে তাঁর বাড়ি এবং জয় কামদারের বাড়িতে ইডি তল্লাশি চালায়। ১৮ মে সোনা পাপ্পু নিজেই ইডি দফতরে হাজির হলে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, হুমকি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। এই তদন্তে শ্রেয়া পাণ্ডের নাম উঠে আসায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ইডির জিজ্ঞাসাবাদের পরই বিষয়টি আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।








