ব্যুরো নিউজ, ১০ জুন ২০২৬ : মেসিকে ঘিরে বিতর্কিত ঘটনার তদন্তে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে আপাতত গ্রেফতার করা যাবে না, স্পষ্ট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গ্রেফতারির আশঙ্কায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন অরূপ বিশ্বাস।
বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলার শুনানিতে আদালত জানিয়েছে, তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে অরূপ বিশ্বাসকে। তবে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকলে অন্তত ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে পুলিশকে। হাইকোর্ট অরূপ বিশ্বাসের জন্য বেশ কিছু কড়া শর্তও বেঁধে দিয়েছে। আদালতের অনুমতি ছাড়া তিনি রাজ্যের বাইরে যেতে পারবেন না এবং তাঁর পাসপোর্ট নিম্ন আদালতে জমা রাখতে হবে। এছাড়াও, মামলার কোনও সাক্ষীকে প্রভাবিত করা বা ভয় দেখানো যাবে না। আদালত পুলিশকে নির্দেশ দিয়েছে যে, বিধাননগর পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং চার সপ্তাহের মধ্যে আদালতে রিপোর্ট জমা দিতে হবে। শুনানির সময় বিচারপতি মেসি কাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, এই ঘটনা রাজ্যের ভাবমূর্তির পক্ষে ভালো বার্তা দেয়নি।
বিচারপতির প্রশ্ন ছিল, কীভাবে অরূপ বিশ্বাস এতটা কাছে পৌঁছে মেসির সঙ্গে ছবি তুললেন এবং এতে নিরাপত্তা ব্যবস্থার কোনও সমস্যা তৈরি হয়নি কি? দেশের অন্য কোথাও এমন ঘটনা ঘটেনি বলেও তিনি মন্তব্য করেন। রাজ্যের পক্ষ থেকে অরূপ বিশ্বাসকে প্রভাবশালী ব্যক্তি দাবি করে সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কার কথা বলা হলেও, আদালত এই মুহূর্তে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলে জানিয়েছে।








