ব্যুরো নিউজ , ১০ জুন ২০২৬ : ফলতা পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা আগামী শুক্রবার বিধানসভায় বিধায়ক পদে শপথ নিতে চলেছেন। একই দিনে শপথ নেবেন চণ্ডীতলা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকারও। সকাল ১১টায় স্পিকার রথীন্দ্রনাথ বসু তাঁদের শপথবাক্য পাঠ করাবেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে একমাত্র ফলতা আসনেই পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনের ঠিক দু’দিন আগেই তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান নিজেকে লড়াই থেকে সরিয়ে নিলেও, মনোনয়ন প্রত্যাহারের সুযোগ না থাকায় ইভিএমে তাঁর নাম থেকে যায়। ফলাফল ঘোষণার পর দেখা যায়, স্বঘোষিত ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে চতুর্থ স্থানে পাঠিয়ে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। ভোটে জিতলেও তাঁর বিধায়ক পদে শপথগ্রহণ এতদিন বাকি ছিল। অন্যদিকে, চণ্ডীতলা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকারের শপথগ্রহণও একটি দুর্ঘটনার কারণে পিছিয়ে গিয়েছিল। তাঁর পা ভেঙে যাওয়ায় তিনি বাকিদের সঙ্গে আগে শপথ নিতে পারেননি।
এদিকে, সম্প্রতি ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল তাঁকে ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে পেশ করা হলে, নবনির্বাচিত বিধায়ক দেবাংশু পণ্ডা সরকারি পক্ষের সহকারী আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। দেবাংশুর সওয়ালের ভিত্তিতেই আদালতের বিচারক জাহাঙ্গিরের জামিনের আবেদন খারিজ করে তাঁকে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এই ঘটনা রাজনৈতিক মহলে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে। এই শপথগ্রহণের মাধ্যমে বিধানসভায় নতুন দুই সদস্যের আগমন ঘটবে।








