ব্যুরো নিউজ, ২৩ জুন ২০২৬ঃ রাজ্য রাজনীতিতে ফের নতুন জল্পনা। ‘কালীঘাট তৃণমূল’-এর সমস্ত পদ থেকে সম্প্রতি সরে দাঁড়ানো জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু আজ বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত করবেন। এই সাক্ষাত ঘিরে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, তবে কি ‘নব্য তৃণমূলে’ নাম লেখাতে চলেছেন বর্ষীয়ান এই নেতা? তৃণমূলের অন্দরে যখন কর্তৃত্বের লড়াই তুঙ্গে, ঠিক তখনই বালুর এই পদক্ষেপ নতুন মাত্রা যোগ করেছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সম্ভাবনা সঠিক হলে আদি তৃণমূলের মাথাব্যথা বাড়বে। প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূলের প্রথম দিনের সৈনিক হিসেবে পরিচিত। আজ বেলা সাড়ে ১২টা নাগাদ তিনি বিধানসভায় যাবেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। যদিও জ্যোতিপ্রিয় মল্লিক নিজে এই সাক্ষাতের কারণ হিসেবে পেনশন সংক্রান্ত কাগজপত্র জমা দেওয়ার কথা বলেছেন। তিনি জানিয়েছেন, “পেনশন সংক্রান্ত কাগজপত্র জমা দিতে বিধানসভায় যাব। তারপরই একবার ঋতব্রতর সঙ্গে দেখা করে আসবো।”
তবে গত শুক্রবার ‘আদি’ তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য পদ থেকে তাঁর পদত্যাগ এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে চিঠি লেখার পর থেকেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধী দলনেতার সঙ্গে তাঁর এই সাক্ষাতকে নিছকই প্রশাসনিক বলে মানতে নারাজ রাজনৈতিক মহল। অনেকেই মনে করছেন, এটি তাঁর শিবির বদলের ইঙ্গিত। এই ঘটনা তৃণমূলের দুই শিবিরের মধ্যেকার ফাটল আরও স্পষ্ট করে তুলল বলেই মনে করছেন বিশ্লেষকরা। আগামী দিনে বালুর রাজনৈতিক অবস্থান কী হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্য রাজনীতি।








